কামাল শিশির,রামু ( কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের গহীন পাহাড়ে অপরাধীদের আস্তানা ও সন্ত্রাসী তৎপরতা দমনে এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে পুলিশ।
রবিবার ২৯ মার্চ দীর্ঘ ৪ ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি সার্কেল) মাহমুদুল হাসান।
এ সময় ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম. শিফাতুল মাজদারসহ থানার বিপুল সংখ্যক সদস্য।
পাহাড়ে লুকিয়ে থাকা অপরাধীদের চিহ্নিত করতে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দীর্ঘ ৪ ঘণ্টা ধরে পাহাড়ের বিভিন্ন পয়েন্টে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি সার্কেল) মাহমুদুল হাসান জানান যে, এলাকাকে অপরাধমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং গহীন পাহাড় বা দুর্গম এলাকা—কোথাও অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
অপরাধীদের নির্মূল করতে পর্যায়ক্রমে ধাপে ধাপে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম. শিফাতুল মাজদার জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কটি সাধারণ যাত্রী ও পথচারীদের জন্য নিরাপদ রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।