শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ও প্রধান অভিযুক্ত আজিজ সিকদারকে আটক করেছে র্যাব। সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান এবং জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেনের সার্বিক সহযোগিতায় লিংকরোড থেকে তাকে আটক করা হয়।
এর আগে ফয়সালের মৃত্যুর পরপরই বিক্ষোভ সমাবেশ থেকে খুনিদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল জেলা ছাত্রলীগ।
আর আলোচিত এই হত্যাকান্ডের ২৪ ঘন্টা না পেরোতেই সোমবার (৪ জুলাই) বিকেল ৩ টার দিকে শহরের লিংকরোড এলাকার এক আত্নীয়ের বাসা থেকে আজিজকে আটক করতে সক্ষম হয় র্যাব।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে.কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, চাঞ্চল্যকর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে বিশেষ নজরদারীতে রেখেছে র্যাব। সেই ধারাবাহিকতায় লিংকরোডস্থ এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে আজিজকে কৌশলে আটক করা হয়।
এদিকে দলের নিবেদিত কর্মী ফয়সালের হত্যাকারী হিসেবে প্রধান অভিযুক্ত সন্ত্রাসীকে দ্রুত সময়ের মধ্যে আটক করায় র্যাবকে ধন্যবাদ জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন। তিনি জানান, ছাত্রলীগ নেতা ফয়সালকে হত্যার মূলহোতা আজিজকে ফয়সালের দাফন কার্য সম্পাদনের আগেই আইনের আওতায় নিয়ে আসা হলো। ছাত্রলীগ নেতাকর্মীদের দৃঢ় অবস্থান ও বিশেষ তৎপরতার মাধ্যমে তাকে আটক করতে সক্ষম হয় র্যাব।
এছাড়াও বিকেল ৪ টায় ফয়সালের জানাজার মাঠে দেয়া বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান র্যাবের হাতে আজিজ সিকদার আটক হওয়ার তথ্য জানান।
একইভাবে পুলিশের পক্ষ থেকেও ৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
এদিকে আটক আজিজ সিকদারকে প্রধান আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলার প্রস্তুতির চলছে বলে নিহত ফয়সালের পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।