বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্যাংক লুট, অর্থপাচারসহ নানা অভিযোগে সমালোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের মানিলন্ডারিং নিয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। শনিবার (৩১ আগস্ট) এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। তিনি জানান, এস আলম গ্রুপের মালিক মো. সাইফুল আলমসহ তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েজ ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।
সিআইডির কর্মকর্তা আজাদ রহমান জানান, সিআইডি প্রায় এক লাখ ১৩ হাজার ২৪৫ কোটি টাকা বিদেশে পাচারের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। বিভিন্ন সূত্রে সিআইডি জানতে পেরেছে, এস আলমসহ সন্দেহভাজন ব্যক্তিরা বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে মাত্র একদিনের ব্যবধানে দেশেই পিআর বা পারমানেন্ট রেসিডেন্স গ্রহণ করেছেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ও সাইপ্রাসসহ ইউরোপে বাংলাদেশ থেকে অর্থপাচার করে নিজের ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থাবর, অস্থাবর সম্পদ ক্রয় ও ব্যবসা পরিচালনা করেছেন।