বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলাসহ জেলায় ৮৬৭ ছিন্নমূল পরিবার স্থায়ীভাবে মাথা গোজার ঠাই পেলেন। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব পরিবারের মাঝে ঈদ উপহার সরূপ তুলে দিলেন জমির দলিল ও নতুন ঘরের চাবি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের ৪৯২টি উপজেলার প্রায় ৩২ হাজার গৃহহীন মানুষের বহুল কাঙ্খিত স্বপ্ন বাস্তবে রূপ দেন প্রধানমন্ত্রী।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে গণভবণের এই অনুষ্ঠানে সাথে সংযুক্ত হন কক্সবাজার সদর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে কক্সবাজার সদর উপজেলার ১০৩টি পরিবারকে তুলে দেওয়া হয় তাদের স্বপ্নের বাড়ির চাবি ও জমির দলিল।
অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আর একজন লোকও গৃহহীন ও ভূমিহীন থাকবে না বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেছেন, বাংলাদেশে কেউ গৃহহীন, ভূমিহীন এবং ঠিকানাবিহীন থাকবে না। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। মঙ্গলবার মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে কক্সবাজারসহ সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তরের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে দেশের ৪৯২টি উপজেলার এসব অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ হিসাবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর দেওয়া হয়। আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া মানুষের মুখে যে হাসি ফোটে, সেটি দেখতে ভালো লাগে প্রধানমন্ত্রীর। তিনি বলেন, ‘একটি মানুষ ঘর পাওয়ার পর তার মুখের হাসি আমার সব থেকে বেশি ভালো লাগে।
জাতির পিতা তো দুঃখী মানুষের মুখেই হাসি ফোটাতে চেয়েছিলেন। সব মানুষ যেন মানুষের মত বাঁচতে পারে, সুন্দর জীবন পেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। সেজন্য এই কাজটি আমরা করব। যাতে এই বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে।’
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র প্রান্তে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানিজ ফাতেমা আহমেদ এমপি, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা নুরুল আবছার ও কক্সবাজার প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম। এদিকে জমিসহ নতুন ঘর পেয়ে আপ্লুত ছিন্নমূল মানুষ। তারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছেন, তার দীর্ঘায়ু কামনা করেছেন।
২০২২ সালের মধ্যে কক্সবাজারে আর কোন গৃহহীন মানুষ থাকবেনা বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। দেশ অর্থনৈতি উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এটি তারই প্রমাণ বলে জানিয়েছেন সাংসদ আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি।