বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি:
মিয়ানমারের নিষিদ্ধ ‘সশস্ত্র’ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর ভাই মো. শাহ আলীকে অস্ত্র এবং মাদকসহ আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়ান্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ক্যাম্পে অশান্তি ও আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৬ জানুয়ারি) ভোরে সাড়ে চারটার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক (এসপি) পুলিশ সুপার নাইমুল হক তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসপি নাইমুল জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নতুন করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে কথিত আসরা সংগঠনের বিপদগামী রোহিঙ্গারা। এমন গোযেন্দা সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকায় অভিযান চালিয়ে শাহ আলী আটক হন। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। আটক শাহ আলম আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর ভাই। তথ্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
গত বছরের ২৯ সেপ্টেম্বর রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পে ব্রাশফায়ারে নিহত হন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। তাকে হত্যায় যারা জড়িত তারা সবাই আরসার সদস্য হিসেবে অভিযুক্ত। তাদের ধরতে ক্যাম্পে প্রায়ই অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ পর্যন্ত একাধিক জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের অনেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।