রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর দেশটির নতুন রাজা হলেন তার ছেলে যুবরাজ চার্লস। নিয়ম অনুযায়ী, উত্তরাধিকারী হিসেবে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি ব্রিটেনের সিংহাসনে আরোহন করবেন।
এর মধ্য দিয়ে তিনি হবেন- যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৪টি দেশের শীর্ষ নেতা। চার্লসের বর্তমান বয়স ৭৩ বছর।
নতুন রাজা চার্লসকে বেশকিছু আনুষ্ঠানিকতা পার করতে হবে। রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে। লন্ডনের সেইন্ট জেমসেস প্যালেসে ‘অ্যাকসেশন কাউন্সিল’ এ ঘোষণা দেবে।
রীতি অনুযায়ী, ব্রিটিশ রাজা হিসেবে ক্ষমতা গ্রহণের সময় শপথ বাক্য পাঠ করানো হবে না। এক্ষেত্রে একটি ঘোষণা দেওয়া হবে। ১৮ শতকের প্রথম দিকের রেওয়াজের সঙ্গে সামঞ্জস্য রেখে চার্লস স্কটল্যান্ডের চার্চকে রক্ষা করার শপথ করবেন। তিনি উচ্চারণ করবেন, ‘গড সেইভ দ্য কিং’ (ঈশ্বর রাজাকে রক্ষা করুন)।
এদিকে, চার্লসের স্ত্রীর জন্যও থাকছে নতুন পরিচয়। ক্যামিলা পার্কার পরিচিত হবেন কুইন কনসর্ট হিসেবে। তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম অবশ্য চার্লসের ছেড়ে যাওয়া প্রিন্স অব ওয়েলস পদবি সঙ্গে সঙ্গে পাবেন না। বাবার ডিউক অব কর্নওয়াল পদবি পরবর্তীতে তার হয়ে যাবে। উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন সেক্ষেত্রে হচ্ছেন ডাচেস অফ কর্নওয়াল।
ব্রিটেনকে সবচেয়ে বেশি সময় শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার শাসনকাল ছিলো ৭০ বছর। এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে বালমোরালে শান্তিতে মারা গেছেন ব্রিটিশ রানি।