শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কঙ্গোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলা, নিহত ৫০

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৫০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। চলতি সপ্তাহে আফ্রিকার এই দেশটির পূর্বাঞ্চলীয় কিশিশে শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কঙ্গোর সশস্ত্র বাহিনী এই ঘটনায় দেশটির এম২৩ বিদ্রোহী গোষ্ঠী ও তাদের সহযোগীদের অভিযুক্ত করেছে। তবে বিদ্রোহী গোষ্ঠীটি এই অভিযোগ অস্বীকার করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কঙ্গোর সেনাবাহিনী এবং জাতিগত টুটসি গোষ্ঠীর নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী এম২৩ মধ্য আফ্রিকার এই দেশটির পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। এতে করে ওই এলাকাটি বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে এবং সেখানে হওয়া বিভিন্ন হামলার জন্য উভয় পক্ষই একে অপরকে অভিযুক্ত করেছে।

এম২৩ মুভমেন্ট গ্রুপের রাজনৈতিক মুখপাত্র লরেন্স কানিউকা এক বিবৃতিতে বলেছেন, ‘কিশিশেতে বেসামরিক মানুষের ওপর হামলা নিয়ে এম২৩ আন্দোলনের বিষয়ে যে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে তা প্রত্যাখ্যান করছি আমরা।’

তিনি আরো বলেন, ‘এম২৩ আন্তর্জাতিক এবং জাতীয় সম্প্রদায়কে এটিই মনে করিয়ে দিচ্ছে যে, আমরা কখনোই বেসামরিক জনগোষ্ঠীকে হামলার লক্ষ্যবস্তু করিনি।’

জাতিসংঘ এবং মার্কিন এক কূটনীতিকও বলেছেন, তাদের কাছে মঙ্গলবার উত্তর কিভু প্রদেশের কিশিশে শহরে বেসামরিক হত্যাকাণ্ডের তথ্য রয়েছে, তবে বিস্তারিত কিছু জানাননি তারা। তারা দু’জনেই এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন।

কিনশাসায় মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স স্টেফানি মাইলি টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘কিশিশে অঞ্চলে বেসামরিকদের গণহত্যায় আমরা গভীরভাবে দুঃখিত। এটি যুদ্ধাপরাধ হতে পারে।’

জাতিসংঘের মহাসচিবের একজন মুখপাত্র বলেছেন, কিশিশে অঞ্চলে এম২৩ এবং স্থানীয় মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষের সময় মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট পেয়েছে জাতিসংঘ। যার মধ্যে প্রচুর পরিমাণে বেসামরিক হতাহতের ঘটনা রয়েছে।

কঙ্গো এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী রুয়ান্ডা এম২৩ বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা করে। অবশ্য রুয়ান্ডা এই অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। এই পরিস্থিতিতে দুই দেশ সংঘাতের সমাধান খোঁজার লক্ষ্যে গত সপ্তাহে অ্যাঙ্গোলায় আলোচনায় বসেছিল।

গত সেপ্টেম্বরে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছিল, এম২৩ বিদ্রোহীরা বছরের পর বছর নিষ্ক্রিয় থাকার পর ২০২১ সালের শেষের দিকে আবারও যুদ্ধ শুরু করে। তখন থেকে তারা উগান্ডা সীমান্তের কৌশলগত শহর বুনাগানাসহ উত্তর কিভুজুড়ে বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।

কঙ্গো বারবার মধ্য আফ্রিকান প্রতিবেশী রুয়ান্ডাকে এম২৩ বিদ্রোহীদের সমর্থন করার জন্য অভিযুক্ত করেছে, যদিও কিগালি এই অভিযোগ অস্বীকার করে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *