
উখিয়ায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক: লাইসেন্স ও মানহীন চিকিৎসায় জনদুর্ভোগ

কক্সবাজারের উখিয়ায় অনুমোদনহীন, নবায়নবিহীন এবং দক্ষ জনবল ছাড়া যত্রতত্র গড়ে উঠছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। লাইসেন্সের বৈধতা ও চিকিৎসাসেবার মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাবে চরম ঝুঁকিতে পড়েছে সাধারণ মানুষ। স্বাস্থ্য বাণিজ্যের এই চক্রে পড়ে সবচেয়ে বেশি সর্বস্বান্ত হচ্ছেন নিম্ন আয়ের রোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তথ্য অনুযায়ী, উখিয়ায় তালিকাভুক্ত ২৬টি হাসপাতালের বেশির ভাগের লাইসেন্সই নবায়ন করা হয়নি। কিছু প্রতিষ্ঠান শুধু লাইসেন্সের নবায়নের আবেদন করেই বছরের পর বছর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর বাইরেও উপজেলার কোটবাজার, কুতুপালং, পালংখালীসহ বিভিন্ন জনবহুল এলাকায় গড়ে উঠেছে আরও বেশ কিছু নতুন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।

উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—কোটবাজারের অরিয়ন হাসপাতাল, অরজিন হাসপাতাল, কোটবাজার ডিজিটাল হাসপাতাল; কুতুপালং এলাকার পালং জেনারেল হাসপাতাল, আলিফ হাসপাতাল, আল নুর হাসপাতাল এবং পালংখালীর তাজমান হাসপাতাল। এসব প্রতিষ্ঠানের লাইসেন্স, নবায়ন প্রক্রিয়া, চিকিৎসক ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা এবং পরীক্ষাগারের সক্ষমতা নিয়ে তীব্র সংশয় তৈরি হয়েছে।
শুধু লাইসেন্স বা অনুমোদনহীনতাই নয়, পরীক্ষা-নিরীক্ষার মান ও ফি নিয়েও ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের অন্ত নেই। স্থানীয় বাসিন্দা শরীফ উদ্দিন অভিযোগ করেন, কোটবাজারের একটি প্রতিষ্ঠানে কোনো মেডিকেল টেকনোলজিস্ট ছাড়াই এক্স-রে করা হচ্ছে এবং এর জন্য রোগীদের কাছ থেকে ৬০০ টাকা পর্যন্ত ফি আদায় করা হচ্ছে। অথচ চট্টগ্রাম ও ঢাকার পাশাপাশি কক্সবাজারের অনেক স্থানে এর চেয়ে কম খরচে মানসম্মত এক্স-রে করা সম্ভব।
আরেক ভুক্তভোগী মুহাম্মদ সাইফুল ইসলাম নাঈমের অভিযোগ, মানুষের জীবন নিয়ে একশ্রেণির স্বার্থান্বেষী মহল ব্যবসা ফেঁদেছে। রোগ নির্ণয়ের নামে অপ্রয়োজনীয়ভাবে চার-পাঁচটি পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে রোগীদের। এছাড়া একজন চিকিৎসক প্রতিদিন শতাধিক রোগী দেখায় চিকিৎসাসেবা মান হারাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, অনেক প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতি থাকলেও তা পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট ও প্রশিক্ষিত কর্মী নেই। দিল মোহাম্মদ শাহ আলম নামের এক সচেতন নাগরিক জানান, অনেক ডায়াগনস্টিক সেন্টারে যথাযথ প্রশিক্ষণ ও স্বীকৃত যোগ্যতা ছাড়াই শুধু কাজ দেখে শেখা লোকজন দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। এতে মানহীন ও ভুল রিপোর্ট তৈরি হচ্ছে, আর সেই রিপোর্টের ওপর নির্ভর করে রোগীরা ভুল চিকিৎসার মারাত্মক ঝুঁকিতে পড়ছেন। অবিলম্বে সিভিল সার্জনের নেতৃত্বে জরুরি অভিযান ও কঠোর মনিটরিংয়ের দাবি জানান তিনি।
এ বিষয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার জানান, তালিকাভুক্ত ২৬টি হাসপাতালের লাইসেন্স নবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কিছু প্রতিষ্ঠান শুধু আবেদন করেই কার্যক্রম চালাচ্ছে। লাইসেন্স নবায়ন একটি দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, জনবল সংকট এবং নির্দেশনা ও ক্ষমতার সীমাবদ্ধতার কারণে তদারকিতে কিছু সমস্যা হচ্ছে। তবে অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে অচিরেই যৌথ অভিযান পরিচালনা করা হবে।
সংশ্লিষ্টদের মতে, হাসপাতালে দামি যন্ত্রপাতি থাকাই মানসম্মত চিকিৎসার নিশ্চয়তা নয়; এর জন্য যোগ্য চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও দক্ষ পরীক্ষাকর্মী অপরিহার্য। ভুল রিপোর্টের কারণে ভুল চিকিৎসার দায় কে নেবে—সেই প্রশ্ন তুলে উখিয়ার সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, নবায়ন, যন্ত্রপাতির কার্যকারিতা এবং চিকিৎসক-কর্মীদের যোগ্যতা অবিলম্বে যাচাই করার দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার ফি ও মান নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
