advertisement

উখিয়ার ইনানীতে নলকূপ খননে গ্যাসের আগুন জ্বলছে ১৮ দিন ধরে: নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শুরু বাপেক্সের

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১৪, ২০২৬, ০৮:৫২

উখিয়ার ইনানীতে নলকূপ খননে গ্যাসের আগুন জ্বলছে ১৮ দিন ধরে: নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শুরু বাপেক্সের
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খননকালে উদ্গীরিত প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৮ দিন ধরে অবিরাম জ্বলছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং গ্যাসকে নিরাপদ উপায়ে কাজে লাগাতে এবার নিয়ন্ত্রিতভাবে উত্তোলনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এ লক্ষ্যে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি, পাইপসহ খনন ও গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম নিয়ে আসা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে লরি ও ক্রেনের সাহায্যে এসব কারিগরি সরঞ্জাম ও যন্ত্রপাতি ঘটনাস্থলে পৌঁছায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রস্তুতি ও সেটআপ সম্পন্ন হলে যেকোনো সময় নিয়ন্ত্রিত খনন ও কারিগরি কার্যক্রম শুরু করবে বাপেক্সের বিশেষজ্ঞ দল।

featured banner

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং বিস্ফোরণ ও ভূমিধসের মতো সম্ভাব্য বড় ধরনের ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, প্রশাসন শুরু থেকেই পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘‘বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করছে। তারা আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ, ভূতাত্ত্বিক গঠন এবং নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছেন।’’

বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে ইনানীর ভূগর্ভস্থ গ্যাসের প্রবাহ ও চাপ অত্যন্ত স্থিতিশীল পাওয়া গেছে। এখন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তী ধাপে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, পর্যবেক্ষণ শেষে বাপেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করে চূড়ান্ত পদক্ষেপ নির্ধারণ করবে।

ভূতাত্ত্বিকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, ইনানীর ভূগর্ভে একটি উল্লেখযোগ্য গ্যাসের স্তর বা রিজার্ভ থাকতে পারে। টানা প্রায় তিন সপ্তাহ ধরে একই ধরনের চাপ ও প্রবাহে গ্যাস বেরিয়ে আসার বিষয়টি কোনো ক্ষুদ্র গ্যাস পকেটের পরিবর্তে বড় কোনো মজুতের জোরালো ইঙ্গিত দিচ্ছে। তবে বিস্তারিত ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া গ্যাসের প্রকৃত মজুত বা বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব নয়।

বর্তমানে দেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি, যার মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদিত হচ্ছে। তিতাস, হবিগঞ্জ, বিবিয়ানা, কৈলাশটিলা, রশিদপুরসহ বিভিন্ন ক্ষেত্র থেকে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুত নিশ্চিত ও বাণিজ্যিক উত্তোলন সম্ভব হলে এটি দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এমন সম্ভাবনা বাস্তবে রূপ নিলে দেশের চলমান জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আমদানিনির্ভরতা কমার ক্ষেত্রে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় একটি গভীর নলকূপ খননের সময় আকস্মিক প্রায় এক হাজার ফুট গভীর থেকে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে এসে আগুন ধরে যায়। এরপর থেকে গ্যাস ও আগুন অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকেই বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

চকরিয়ায় সার বিক্রয় কেন্দ্র ও মজুদ পরিস্থিতি পরিদর্শন করলেন যুগ্ম-সচিব জহুরুল ইসলাম

চকরিয়ায় সার বিক্রয় কেন্দ্র ও মজুদ পরিস্থিতি পরিদর্শন করলেন যুগ্ম-সচিব জহুরুল ইসলাম

সৈকতে গরু ছাগল পেলে নিলাম দেয়া হবে

সৈকতে গরু ছাগল পেলে নিলাম দেয়া হবে

কক্সবাজারে সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন: এমপি কাজলের কঠোর সতর্কবার্তা

কক্সবাজারে সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন: এমপি কাজলের কঠোর সতর্কবার্তা

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস স্মরণে নাগরিক শোকসভার প্রস্তুতি সভা ১৬ নভেম্বর

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস স্মরণে নাগরিক শোকসভার প্রস্তুতি সভা ১৬ নভেম্বর

প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ রয়েছে

প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ রয়েছে

সর্বশেষ সংবাদ