
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ ডাচেস সোফি, মানবিক সহায়তা ও নারী-শিশু সুরক্ষায় গুরুত্ব

উখিয়া প্রতিনিধি:
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর-২০২৬) সকালে তাঁর এ সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি কক্সবাজার থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হন। সফরকালে বিভিন্ন শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিতকরণ, সহিংসতা প্রতিরোধ এবং নেতৃত্ব বিকাশে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে মাঠপর্যায়ে খোঁজখবর নেন তিনি।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অনুরোধে আয়োজিত এ সফরে ডাচেস অব এডিনবরা আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় রোহিঙ্গা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকট, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা, অধিকার এবং জীবনযাত্রার নানা দিক গুরুত্ব পায়।
উল্লেখ্য, ২০১৭ সালেও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সংহতি ও মানবিক সহায়তা কার্যক্রমের প্রতি সমর্থন জানাতে বাংলাদেশ সফর করেছিলেন সোফি। দীর্ঘ সময় পর তাঁর এবারের সফরকে রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক গুরুত্ব ও মানবিক সহায়তার ধারাবাহিকতার দিক থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, তাঁর সফরকে ঘিরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে মঙ্গলবার বিকেল ৩টার দিকে উখিয়া থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন ডাচেস অব এডিনবরা সোফি।
তাঁর এ সফর রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকট, বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি নতুন করে বিশ্বদরবারে তুলে ধরবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
