
ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের, ঘটনাস্থল পরিদর্শন বিশেষজ্ঞ দলের

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় নলকূপ খননকালে উদগীরিত গ্যাসের আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ অব্যাহত রয়েছে। টানা ১৫ দিন ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের পর টেকনিক্যাল টিম ও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি কোনো সাময়িক পকেট গ্যাস নয়, বরং এর নিচে একটি বড় গ্যাসের রিজার্ভার বা আধার রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার রফিকুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছে।

পরিদর্শন শেষে বাপেক্স প্রতিনিধি দলের প্রধান হাওলাদার রফিকুল ইসলাম জানান, টানা ১৫ দিন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ছিল গ্যাসের স্থায়িত্ব ও ধারণক্ষমতা যাচাই করা। যেহেতু একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ এখনো অব্যাহত রয়েছে, তাই এই মুহূর্তে এভাবে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রথম অগ্রাধিকার। তাই জরুরিভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ ও নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূপটি সফলভাবে নিয়ন্ত্রণ ও সিলগালা করার পরই এর ভূতাত্ত্বিক জরিপ এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকায় একটি নলকূপ খনন কাজের সময় হঠাৎ মাটি ভেদ করে গ্যাস ও পানি উদগীরিত হতে শুরু করে। এরপর থেকেই বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বাপেক্সের বিশেষজ্ঞ দল ধারাবাহিক পর্যবেক্ষণ চালিয়ে আসছিল।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
