
২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

কক্সবাজার ৭১ ডেস্ক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা ও দেশের ৬ জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে এসব ঘটনা ঘটেছে।
এদিকে গোপালগঞ্জে গতকাল পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ করে বিক্ষোভ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিন দিন ধরে সারা দেশে চলমান নাশকতার ঘটনা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকেরা (ডিআইজি) উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরÍএই চার জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।

পুলিশের একটি সূত্র বলছে, জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে নাশকতা করছেন তাঁর দলের নেতা–কর্মীরা। বিদেশে পলাতক নেতারা উসকানি দিচ্ছেন এবং নাশকতার জন্য টাকা পাঠাচ্ছেন। সম্প্রতি নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যের ব্যক্তিদের নাম পাওয়া গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত রোববার সন্ধ্যার পর কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁয়। তাঁদের কেউ সরাসরি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। তাঁরা টাকার বিনিময়ে এসব কাজ করেছেন। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশ থেকে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত শনিবার থেকে সোমবার পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে। তিনি আরও বলেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার, জনসাধারণের সহযোগিতা, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সংঘটিত প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাশকতা প্রতিরোধে শুধু ঘটনার পর ব্যবস্থা গ্রহণ নয়, বরং ঘটনার আগেই তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম মহানগর এলাকায়ও তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুর জেলায় ১৫টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় দুটি করে গাড়িতে আগুন দেওয়া হয়।
ডিএমপি সূত্র বলছে, গত সোমবার রাতে রাজধানীর ফার্মগেট, পল্লবী এলাকায় দুটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল গভীর রাতে পুরান ঢাকার সদরঘাট সড়কে দুটি মিনিট্রাকে আগুন দেওয়া হয়।
ডিএমপি সূত্র বলছে, গত সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ,চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার আকতার হোসেন প্রথম আলোকে বলেন, নাশকতার সঙ্গে জড়িতদের অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শহরজুড়ে নিরাপত্তা জোরদার ও টহল বাড়ানো হয়েছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
