
কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত!

বন্যা পরিস্থিতির কারণে কক্সবাজার জেলায় বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক আদেশে কক্সবাজারে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে রাতেই আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আরেকটি আদেশে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। ওই আদেশে বলা হয়েছিল, অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে; আর স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
এরপর কক্সবাজার জেলার পরীক্ষাও স্থগিত করার কথা জানিয়ে আদেশ জারি করা হয়।
জানতে চাইলে সৈয়দ আক্তারুজ্জামান বলেন, স্থগিত হওয়া এলাকার পরীক্ষা পরে আলাদা প্রশ্নপত্রে নেওয়া হবে।
সূত্র -প্রথম আলো
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
