advertisement

তল্লাশি ব্যবস্থা না থাকায় মাদকের নিরাপদ বাহন প্রমোদতরী!

কক্সবাজার ৭১ ডেস্ক

কক্সবাজার ৭১ ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৯:০২

তল্লাশি ব্যবস্থা না থাকায় মাদকের নিরাপদ বাহন প্রমোদতরী!
ছবি: সংগৃহীত

সাগরপথে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রতিদিন চলাচল করছে একের পর এক প্রমোদতরী। কিন্তু এসব জাহাজের নিরাপত্তাব্যবস্থায় রয়েছে বড় ধরনের ফাঁকফোকর। যাত্রী ওঠানামার ঘাটে নেই আধুনিক নিরাপত্তা সরঞ্জাম, নেই কার্যকর তল্লাশিব্যবস্থা। যাত্রীদের লাগেজ পরীক্ষা থেকে শুরু করে জাহাজের কর্মচারীদের পরিচয় যাচাই, কোনো ক্ষেত্রেই নিশ্চিত করা হয়নি পর্যাপ্ত নিরাপত্তা। এমনকি জাহাজের স্টাফ কেবিন, লকার, লাইফ জ্যাকেট রাখার বাক্স কিংবা ইঞ্জিন রুমও থাকে তল্লাশির বাইরে।

এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পর্যটকবাহী জাহাজকে মাদক পরিবহনের বাহন হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। কখনো পর্যটকের ছদ্মবেশে, কখনো জাহাজের কর্মচারী সেজে, আবার কখনো গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারের মাধ্যমে জাহাজে তুলে দেওয়া হচ্ছে ইয়াবার চালান। কক্সবাজারের নুনিয়ারছড়া ও সেন্টমার্টিন নৌপথ ঘিরে এমন পাচারের একাধিক ঘটনা সামনে এলেও নিয়মিত নজরদারি ও তল্লাশির কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।

বাংলাদেশের টেকনাফ উপকূল থেকে মিয়ানমারের দূরত্ব খুব বেশি নয়। সেন্টমার্টিন দ্বীপ থেকে মিয়ানমারের দূরত্বও প্রায় ৮ কিলোমিটার। ভৌগোলিক এই অবস্থানকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবা ও আইসসহ বিভিন্ন মাদক দেশে প্রবেশ করাচ্ছে পাচারকারীরা। সেন্টমার্টিন ও আশপাশের সমুদ্র এলাকা তাদের কাছে গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে পরিচিত।

featured banner

অন্যদিকে, পর্যটকদের সেন্টমার্টিন যাতায়াতের জন্য কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের নুনিয়ারছড়ায় অবস্থিত বিআইডব্লিউটিএর জেটিঘাটই প্রধান প্রবেশপথ। এই ঘাট দিয়ে নিয়মিত চলাচল করে মহেশখালীগামী সি-ট্রাক। পর্যটন মৌসুমে যুক্ত হয় সেন্টমার্টিনগামী জাহাজ। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক, নাবিক ও জাহাজের কর্মচারীর চলাচল থাকলেও সেই অনুপাতে নিরাপত্তাব্যবস্থা গড়ে ওঠেনি।

সরেজমিনে দেখা গেছে, সকালে সেন্টমার্টিনগামী জাহাজ ছাড়ার সময় ঘাটে প্রশাসনের কিছু তৎপরতা চোখে পড়ে। কিন্তু দিন শেষে জাহাজগুলো যখন পর্যটক নিয়ে ফিরে আসে, তখন তল্লাশি ও নজরদারির উপস্থিতি অনেকটাই কমে যায়। ঘাটে নেই কোনো স্থায়ী চেকপোস্ট, আর্চওয়ে, লাগেজ স্ক্যানার কিংবা মেটাল ডিটেক্টর। নেই পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও বায়োমেট্রিক টিকিট যাচাইয়ের ব্যবস্থা। জাহাজের কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা নেই।

এমন পরিস্থিতিতে পর্যটকের ভিড়ে মিশে যাওয়া কিংবা জাহাজের ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿

তল্লাশি ব্যবস্থা না

কর্মচারীদের সহায়তায় মাদক বহন করা পাচারকারীদের জন্য তুলনামূলক সহজ হয়ে উঠেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা।

এই নৌপথে মাদক পাচারের বিষয়টি নতুন নয়। এর আগে অভিযান চালিয়ে পর্যটকের ছদ্মবেশে থাকা পাচারকারী এবং জাহাজের কর্মচারীদের কাছ থেকেও ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০২৩ সালের ২৪ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ঘাটে জাহাজে ওঠার সময় ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড। তারা পর্যটকের বেশে জাহাজে ওঠার চেষ্টা করছিলেন।

এর আগে ২০২১ সালের ১৪ ডিসেম্বর জাহাজের দুই কর্মচারী লস্কর মো. রফিক ও খালাসি আবদুর রহমানকে ৪ হাজার ইয়াবাসহ আটক করে কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

জিজ্ঞাসাবাদে তারা জানান, সেন্টমার্টিন থেকে ফেরার পথে গভীর সমুদ্রে চলন্ত জাহাজের সঙ্গে ছোট মাছ ধরার ট্রলার ভিড়িয়ে মিয়ানমারের একটি সিন্ডিকেটের কাছ থেকে ইয়াবা জাহাজে তোলা হতো।

অর্থাৎ শুধু যাত্রীদের ব্যাগ কিংবা শরীরের সঙ্গে মাদক বহন নয়, জাহাজের কর্মচারীদের ব্যবহার করেও পাচারের সুযোগ রয়েছে। গভীর সমুদ্রে চলন্ত জাহাজের সঙ্গে মাছ ধরার ট্রলারের সংযোগ ঘটিয়ে মাদক স্থানান্তরের কৌশলটি নিরাপত্তাব্যবস্থার জন্য আরও বড় উদ্বেগ তৈরি করেছে।

তানজিনা সারমিন নামের এক পর্যটক বলেন, ‘পরিবার নিয়ে সেন্টমার্টিন ভ্রমণে গেলে আমরা স্বাভাবিকভাবেই নিরাপত্তার বিষয়টি নিয়ে চিন্তা করি। অথচ ঘাটে যাত্রীদের লাগেজ পরীক্ষা কিংবা পরিচয় যাচাইয়ের তেমন কোনো ব্যবস্থা নেই। জাহাজের ভেতরেও কী হচ্ছে, তা দেখার কেউ আছে বলে মনে হয় না। পর্যটনের আড়ালে মাদক পাচার হলে সেটি শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, দেশের পর্যটন ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।’

অনুসন্ধানে জানা গেছে, এসব চালান উদ্ধারের ঘটনাগুলো মূলত আগে থেকে পাওয়া সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানের ফল। নিয়মিত তল্লাশি বা ঘাটকেন্দ্রিক নজরদারির মাধ্যমে এসব চালান শনাক্তের নজির তুলনামূলক কম। ফলে অভিযান চালিয়ে বিচ্ছিন্নভাবে মাদক উদ্ধার হলেও পুরো নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।

পরিস্থিতি বিবেচনায় চলতি বছর এই নৌপথে মাদক পাচার ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে মাদকবিরোধী যৌথ টাস্কফোর্স। গত ২৮ অক্টোবর কক্সবাজারে অনুষ্ঠিত টাস্কফোর্স কমিটির সভায় নুনিয়ারছড়া জেটিঘাটে যৌথ চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কোস্ট গার্ড, পুলিশ, ডিএনসিসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে সেখানে তল্লাশি কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।

একই সভায় শীত মৌসুমে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমার থেকে মাদকের চালান আসা ঠেকাতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ টহল জোরদারের সিদ্ধান্ত হয়। মহেশখালী-কুতুবদিয়া চ্যানেলসহ পুরো সমুদ্র উপকূলে নিয়মিত অভিযান চালানোর বিষয়টিও আলোচনায় আসে।

রাফসান আহমেদ নামের এক যুবক বলেন, ‘সেন্টমার্টিনে প্রতিবছরই বেড়াতে যাই। কিন্তু নুনিয়ারছড়া ঘাটে জাহাজে ওঠা কিংবা নামার সময় কখনো তেমন কোনো নিরাপত্তা তল্লাশি চোখে পড়েনি। কে পর্যটক আর কে অন্য উদ্দেশ্যে আসছে, সেটি যাচাইয়েরও কোনো ব্যবস্থা নেই। এই সুযোগে কেউ পর্যটকের ছদ্মবেশে মাদক বহন করলে তাকে শনাক্ত করা কঠিন। পর্যটকদের হয়রানি না করে আধুনিক পদ্ধতিতে নিরাপত্তা তল্লাশি চালু করা দরকার।’

ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা পর্যটক ইমরান হোসেন বলেন, ‘একটি পর্যটকবাহী জাহাজে শত শত মানুষ যাতায়াত করেন। তাদের মধ্যে কেউ অপরাধমূলক কাজে জড়িত থাকলেও সাধারণ যাত্রীদের ভিড়ে সহজেই মিশে যেতে পারেন। ঘাটে সিসিটিভি, আর্চওয়ে, লাগেজ স্ক্যানার কিংবা নিয়মিত তল্লাশি না থাকাটা বড় দুর্বলতা। আমার মনে হয়, জাহাজের কর্মচারীদের পরিচয় যাচাই থেকে শুরু করে যাত্রীদের লাগেজ পরীক্ষা পর্যন্ত সবকিছু নিয়মের মধ্যে আনা উচিত। নিরাপত্তা নিশ্চিত হলে পর্যটকেরাও স্বস্তিতে ভ্রমণ করতে পারবেন।’

ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল বলেন, ‘শীত মৌসুমের সুযোগ নেয় মাদক কারবারিরা। সে জন্য এবার সেন্টমার্টিন থেকে ফিরতি জাহাজের পর্যটকসহ নাবিকদেরও তল্লাশির সিদ্ধান্ত হয়েছে। আধুনিক তল্লাশিব্যবস্থা অনেক ব্যয়বহুল। তবে বিকল্পব্যবস্থা হিসেবে আমরা বিজিবির কাছে ডগ স্কোয়াড চেয়ে রিকুইজিশন পাঠিয়েছি।’

তবে যৌথ চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত হলেও তা কত দ্রুত বাস্তবায়িত হবে, নিয়মিত তল্লাশি কীভাবে পরিচালিত হবে এবং জাহাজের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।

নৌপথের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বক্তব্যে সমন্বয়হীনতার বিষয়টিও উঠে এসেছে। জাহাজে যাত্রী ও কর্মচারীদের তল্লাশির দায়িত্ব কোন সংস্থা পালন করবে, তা নিয়েও রয়েছে ভিন্ন অবস্থান।

কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পারসন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, ‘ওই নৌপথের জাহাজগুলো মূলত পর্যটকবাহী। এই কারণে তল্লাশি চালানোর মূল দায়িত্ব ট্যুরিস্ট পুলিশের।’

অন্যদিকে, ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা বলেন, ‘আপাতত আমরা পর্যটকদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’

সংশ্লিষ্টদের এমন বক্তব্যে প্রশ্ন উঠেছে, পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে মাদক পাচার প্রতিরোধের বিষয়টি কি আড়ালে থেকে যাচ্ছে? পর্যটকবাহী জাহাজের নিরাপত্তা, যাত্রীদের তল্লাশি এবং মাদকবিরোধী অভিযান পরিচালনায় কোন সংস্থা নেতৃত্ব দেবে, তা স্পষ্ট না হলে যৌথ উদ্যোগও কার্যকর করা কঠিন হবে।

সব মিলিয়ে সেন্টমার্টিন নৌপথে মাদক পাচার ঠেকাতে শুধু অভিযান কিংবা সভায় সিদ্ধান্ত গ্রহণ যথেষ্ট নয়। প্রয়োজন ঘাটে স্থায়ী নিরাপত্তাব্যবস্থা, যাত্রী ও লাগেজ স্ক্যানিং, জাহাজের কর্মচারীদের পরিচয় যাচাই, জাহাজের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত তল্লাশি এবং গভীর সমুদ্রে নজরদারি। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ও জবাবদিহি নির্ধারণ করাও জরুরি।

নইলে পর্যটক পরিবহনের জন্য ব্যবহৃত এই নৌপথই মাদক কারবারিদের কাছে পাচারের নিরাপদ করিডর হয়ে থাকার ঝুঁকি থেকে যাবে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
গোপালগঞ্জ পরিদর্শন শেষে যা বললেন আইজিপি

গোপালগঞ্জ পরিদর্শন শেষে যা বললেন আইজিপি

ঘুমধুম সীমান্তে ‘ইয়াবা ডন’ মিজান গ্রেপ্তার

ঘুমধুম সীমান্তে ‘ইয়াবা ডন’ মিজান গ্রেপ্তার

টানেল থেকে মাতারবাড়ী পর্যন্ত নির্মিত হচ্ছে ৫৮ কিমি আঞ্চলিক মহাসড়ক

টানেল থেকে মাতারবাড়ী পর্যন্ত নির্মিত হচ্ছে ৫৮ কিমি আঞ্চলিক মহাসড়ক

অস্থির চালের বাজার

অস্থির চালের বাজার

ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?

ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?

মিয়ানমার থেকে কক্সবাজার উপকূল দিয়ে আসছে ‘জমাটবাঁধা’ হেরোইন

মিয়ানমার থেকে কক্সবাজার উপকূল দিয়ে আসছে ‘জমাটবাঁধা’ হেরোইন

সর্বশেষ সংবাদ