
শতাধিক কার্টনের ইয়াবা পাচারের অভিযোগ, সিন্ডিকেটের নেপথ্যের গডফাদারদের শনাক্তে জিজ্ঞাসাবাদের দাবি
ঘুমধুম সীমান্তে ‘ইয়াবা ডন’ মিজান গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী অভিযানে চিহ্নিত ইয়াবা কারবারি ও একাধিক মাদক মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান প্রকাশ ‘ইয়াবা ডন মিজান’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ নভেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান (২৭) ঘুমধুম ইউনিয়নের মধ্যমপাড়া এলাকার মৃত আব্দু জাব্বারের ছেলে।
পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা বরাবর নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক প্রেরিত প্রতিবেদনে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে নাইক্ষ্যংছড়ি থানার মামলা নম্বর-২, তারিখ ৩ নভেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপারের কাছে পাঠানো প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগের বরাতে বলা হয়েছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ঘুমধুম সীমান্তকে ব্যবহার করে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মিয়ানমার সীমান্তবর্তী সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী ও আরাকান আর্মির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে। অভিযোগ রয়েছে, সীমান্ত দিয়ে শতাধিক কার্টনের বেশি ইয়াবার চালান দেশে এনে স্থানীয় মাদক কারবারিদের নিয়ে সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলেছে সে।
এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে অবৈধ আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি দেখানোসহ প্রাণনাশের হুমকি দেওয়া হতো। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। ফলে ঘুমধুমের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
সীমান্তে মাদকবিরোধী অভিযানে নতুন আশার সঞ্চার
ঘুমধুম সীমান্ত দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে আলোচনায় রয়েছে। এ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি মিজানুর রহমানের গ্রেপ্তারকে স্থানীয়রা পুলিশের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন।
তবে এলাকাবাসীর প্রশ্ন, মিজান গ্রেপ্তারের মধ্য দিয়েই কি মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ভেঙে পড়বে, নাকি নেপথ্যে থাকা প্রভাবশালী গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে?
সীমান্তে মাদকের প্রবেশ বন্ধ, অপরাধী সিন্ডিকেটের মূলোৎপাটন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় পুলিশের ধারাবাহিক ও কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
