
কক্সবাজার সমুদ্র সৈকত
আগামি ২২ নভেম্বর মধ্যে অবৈধ স্থাপনা ‘নিজ দায়িত্বে’ না সরালেই উচ্ছেদ

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ আশপাশের এলাকার সব অবৈধ হকার ও স্থাপনা ‘নিজ দায়িত্বে’ সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ জন্য আগামি ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। ১৮ নভেম্বর এই নির্দেশনা জারি করা হয়।
কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের অবাধ চলাচল নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে জেলা প্রশাসন কঠোর এই অবস্থান নিয়েছে।

নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল রহমান সায়েম স্বাক্ষরিত চিঠিতে এই নিদর্শনা দেয়া হয়েছে।
সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টের ফাইল ছবি।
এতে বলা হয়, সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও ভাসমান হকারদের কারণে পর্যটকদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং নান্দনিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই আগামী ২২ নভেম্বর মধ্যে সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ সংলগ্ন এলাকার সকল অবৈধ হকার ও স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নিলে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
একই নির্দেশনায় বলা হয়, সুগন্ধা তথ্য কেন্দ্র ও কলাতলী ডলফিন মোড় সংলগ্ন সড়কে যত্রতত্র ব্যাটারিচালিত টমটম ও অটোরিক্সা পার্কিং এবং যাত্রী ওঠানামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে গাড়ি জব্দ ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়েছে জেলা তথ্য অফিস।
পর্যটন নগরীর সার্বিক পরিবেশ ও শৃঙ্খলার স্বার্থে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
