
বাঁকখালীর ডজন পয়েন্টে ড্রেজারের থাবা, চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব
রাজনৈতিক ছত্রছায়ায় বিপন্ন বাঁকখালী নদী, পরিবেশ ও জনপদ

### নদীজুড়ে অর্ধশতাধিক ড্রেজারের দৌরাত্ম্য
### আদালতের নির্দেশ ও দীর্ঘদিনের আইনের লঙ্ঘন
### সরকারের শতকোটি টাকার শহর রক্ষা বাঁধ প্রকল্পে বড় আঘাত

### হুমকিতে লক্ষাধিক মানুষ ও জীববৈচিত্র
### ভাঙ্গনের কবলে নদীর দু’পাড়, বিলিন হচ্ছে শত একর দু’ফসলী জমি ও বসতভিটি
কক্সবাজারের প্রাণপ্রবাহ এবং ঐতিহ্যবাহী নদী বাঁকখালী আজ অস্তিত্ব সংকটে পড়েছে। সদর ও রামু উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন পয়েন্টে আইন অমান্য করে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। প্রভাবশালী রাজনৈতিক সিন্ডিকেটের বেপরোয়া তৎপরতা এবং ড্রেজার মেশিনের অবাধ ব্যবহারের কারণে নদীর দুই পাড় ভেঙে বিলীন হচ্ছে হাজার হাজার একর দু’ফসলি জমি ও বসতভিটা। কোটি টাকা ব্যয়ে সরকারের বাস্তবায়িত নদী রক্ষা প্রকল্পও আজ চরম হুমকির মুখে।
অনুসন্ধানে জানা যায়, গর্জনিয়া থেকে বাংলাবাজার, খুরুশকুল, ঝিলংজা, পিএমখালী, চাকমারকূল, মিঠাছরি ও ফাতেহারকূল ইউনিয়নসহ বাঁকখালীর বিভিন্ন পয়েন্টে অর্ধশতাধিক অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) বসানো হয়েছে। দিনের পর দিন ড্রেজার দিয়ে নদীগর্ভ থেকে লাখ লাখ ঘনফুট বালু তোলা হচ্ছে। অথচ এই এলাকাগুলোতে সরকারের কোনো বৈধ ইজারাকৃত বালুমহাল নেই।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, গর্জনিয়া থেকে বাংলাবাজার পর্যন্ত বাঁকখালীর অন্তত ২০-২৫টি পয়েন্টে ৫০ থেকে ৫৫টি খননযন্ত্র বসানো হয়েছে। পরিবেশবাদীদের মতে, রাজনৈতিক অঙ্গনে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ ও দ্বন্দ্ব থাকলেও বালু ব্যবসার ক্ষেত্রে যেন এক অদ্ভুত ‘ভাই-ভাই’ সম্পর্ক ঙ্গ ২য় পৃষ্ঠায় দেখুন ¿
রাজনৈতিক ছত্রছায়ায় বিপন্ন
বজায় রয়েছে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগ তুলে পরিবেশকর্মীরা বলছেন, এই অসাধু চক্র প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক বালু তুলে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে পাচার করছে।
রামুর ফতেখাঁরকুল, দক্ষিণ মিঠাছড়ির উমখালী, চাকমারকুলের নয়াপাড়া, গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকার বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনে সক্রিয় রয়েছে একাধিক প্রভাবশালী চক্র। স্থানীয় সূত্র জানায়, স্থানীয় প্রভাবশালী ও বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিরা সিন্ডিকেট তৈরি করে এই অবৈধ বাণিজ্য পরিচালনা করছেন। প্রতি ডাম্পার (মিনি ট্রাক) বালু দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাঁকখালী নদীর পৌরসভা, খুরুশকুল, ঝিলংজা, পিএমখালী, চাকমারকূল, মিঠাছরি, ফাতেহারকূল ইউনিয়নসহ আরও কয়েকটি ইউনিয়নে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি।এসব নদী ভাঙ্গন কবলিত এলাকায় বাঁকখালী নদীর কোন পয়েন্টে সরকারি ইজারাকৃত কোন বালু মহাল নেই। তবে বালু মহল না থাকার পরেও নদীর একাধিক পয়েন্ট/ এলাকা থেকে অবৈধ বাণিজ্যিক ভাবে বালু তোলা হচ্ছে। এতে লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত সরকার। অপরদিকে অপরিকল্পিতভাবে বালু তোলায় নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তের পাশাপাশি নাব্যতা হারাচ্ছে কক্সবাজার শহরের বুকচিরে আঁকাবাঁকা হয়ে ভয়ে চলা ঐতিহ্যবাহী একমাত্র নদী বাঁকখালী। বাড়ছে নদী ভাঙনের তীব্রতা।
বালু তোলা ও পরিহবনের সাথে সম্পৃক্ত একাধিক ব্যক্তি ও স্থানীয় সূত্র জানায়, সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু তুলছেন সদর উপজেলার ৩ টি,ও রামু উপজেলার ৪ টি সিন্ডিকেট। অত্যাধুনিক ড্রেজার দিয়ে ২৪ঘন্টা ধরে এ কাজ করে চলছেন তাদের লোকজন। এসব ড্রেজার মেশিন দিয়ে দিনে রাতে লাখ লাখ ঘনফুট বালু তোলা হয়। প্রতি ঘনফুট বালু বিক্রি হয় ১০/১২ টাকা দরে। ভাঙন কবলিত এলাকার আশপাশের জলাশয়,পুকুর ও বসতভিটিতে পাইপ দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে ভরাট করা হয়।অবৈধ বালু বিক্রির বিশাল অংকের এ টাকা ঢুকছে বালু খেকো চক্রের পকেটে।অনেকে বলছে এসব কর্মকান্ডে সংশ্লিষ্ট প্রশাসনের অসাধু কর্মকর্তা -কর্মচারী জড়িত,যদি না হয় প্রশাসন অভিযানে আসার আগে কি করে খবর পেয়ে যায় জড়িতরা।
তথ্য সূত্রে জানাযায়,বিগত ১অক্টোবর ২০২৩ সালে কক্সবাজারে এক স্হানীয় পত্রিকায় “বাঁকখালীর ডজন পয়েন্টে ড্রেজার মেশিনের থাবা” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে কক্সবাজারের ১ নম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ ২ অক্টোবর ২০২৩ ইং এ নির্দেশ দেন যে,কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সাথে কারা জড়িত, কত ঘনফুট বালু উত্তোলন করেছে, সরকার ও পরিবেশের কি পরিমাণ ক্ষতি করেছে, তা নিরূপণ করে তদন্ত পূর্বক বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য কক্সবাজারের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপারকে।উক্ত শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি বিজ্ঞ আদালতের নজরে আসায় আদালত স্বপ্রনোদিত হয়ে বিজ্ঞ আদালত ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৯০(১)(সি) ধারা অনুযায়ী প্রতিবেদনটি আমলে নিয়ে একটি মিস মামলা রজু করেন। যার নম্বর : ০১/২০২৩।তারপরও থেমে নেই প্রভাবশালী মহলের অবৈধভাবে বালু উত্তোলন কর্মযজ্ঞ।
বিজ্ঞ আদালতের এমন জনবান্ধব উদ্যোগের পরও সবকিছু তোয়াক্কা না করে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এভাবে বাঁকখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলমান।আওয়ামী সটকারের স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে শক্তিশালী সিন্ডিকেট প্রতি ডাম্পার (মিনি ট্রাক) বালু ২ হাজার টাকা থেকে আড়াইহাজার টাকায় বিক্রি করে আসছে। অকাতরে বালু উত্তোলনের ফলে বাঁকখালী নদীর দুই তীর অরক্ষিত ও সেখানকার ৫ টি গ্রামের অর্ধলক্ষ মানুষ হুমকির মুখে রয়েছে।
বাঁকখালী নদীর দুই তীরের পৌর এলাকার গোদারপাড়া,ঝিলংজা ইউনিয়নের রাবারড্যাম সংলগ্ন ঝিলংজা-পিএমখালী দুই ইউনিয়নের সংযোগ এলাকা ঘাটকুলিয়া পাড়াও চাদেরপাড়া এবং মুহুরীপাড়া, মুক্তারকুল, পূর্ব খরুলিয়া, ঘাটপাড়া ও চাকমারকুলের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ব্লক বসিয়ে ভাঙ্গন ঠেকাতে চেষ্টা করলেও বালি উত্তোলনের কারণে ব্লকগুলো নদীতে তলিয়ে যাওয়ায় বর্ষা মওসুমে এসব এলাকায় বন্যা দেখা দেয়। বেড়িবাঁধ ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে। বালু খেকোরা অত্যন্ত শক্তিশালী হওয়ায় স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে মুখ খুলতেও সাহস পায়না।
সরকার ২০৫ কোটি টাকা ব্যয়ে বাঁকখালী নদী খনন করে নাব্যতা কাটিয়ে নদীর তীর ও তীরের বসতি রক্ষা করার চেষ্টা করলেও ড্রেজার মেশিন দিয়ে যত্রতত্র বালি উত্তোলনের কারণে কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারছেনা, এ খনন কাজ। ফলে ধ্বংস হচ্ছে পরিবেশ, ভেঙে যাচ্ছে নদী রক্ষা বাঁধ, হুমকিতে রয়েছে নদীর দুই তীরের বাসিন্দারা।বাঁকখালী নদীর চাঁদের পাড়া রাবার ড্যাম এলাকা থেকে বালু তোলার চিত্র সরেজমিনে গিয়ে দেখা যায় ৫টি ড্রেজার দিয়ে বালু তোলার কাজ চলছে। পাশাপাশি বল্কহেডের মাধ্যমে তোলা হচ্ছে বালু। একটু দূরে রয়েছে আরও ২টি বালু তোলার ড্রেজার।নদীর জেলে ও স্থানীয় একটি সূত্র জানায়, অবাধে বালু তোলার জন্য এদের রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনী। বালু তোলার ড্রেজারের আশে পাশে কোনো সাংবাদিক যেতে পারে না। কেউ ড্রেজারের কাছে গেলে তাদের হামলা করে এদের লোকজন আবার অনেক কথিত সংবাকর্মীদের টাকায় ম্যানেজ করার কথাও লোকেমুখে জানাযায়।দেশের আইনকানুনের তোয়াক্কা না করে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বাঁকখালী নদী দুই পাড়ের প্রায় ৩০-৪০কিলোমিটার এলাকায় জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। ইতি মধ্যে কয়েক বছরে নদী গর্ভে বিলীন হয়ে গেছে হাজার হাজার একর দুফসলি জমি। ভিটে মাটি হারিয়ে নি:স্ব হয়ে যাযাবর জীবন যাপন করছে শত শত পরিবার। তাদেরই একজন ফজলু। তিনি বলেন, গত কয়েক বছরে ছয় বার নদী ভাঙনের কবলে পড়েছেন তার পরিবার। এখন তারা নিঃস্ব। বৃদ্ধ মা, স্ত্রী সন্তান নিয়ে এক আত্মীয়ের বাড়িতে থাকেন।
স্থানীয় বাসিন্দারা জানান, যুগযুগ ধরে নদীর ভাঙন অব্যাহত রয়েছে। নদীতে বিলীন হয়ে গেছে শত শত একর জমি। ভিটে মাটি হারা হয়েছেন কয়েকশত পরিবার। ২০/৩০বছর আগে ভাঙন কবলিত এলাকায় একটি নতুন চর জেগে উঠতে শুরু করে। এতে সব হারানো মানুষের মাঝে স্বস্তি ফিরে। তবে গত ৬ বছর ধরে ওই ডুবোচর কেটে বালু উত্তোলন শুরু করে একটি প্রভাবশালী চক্র। বালু উত্তোলনে নিষেধ করলে স্থানীয়দের উল্টো হুমকি ধামকি দেয়। অনেকে আবার টাকার লোভে মজেছেন। স্থানীয় এক শিক্ষক (নাম প্রকাশ না করার অনুরোধে) বলেছেন, নদীর তলদেশ থেকে বালু অপরিকল্পিতভাবে বালু তোলা হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। যার মধ্যে স্থানীয় উদ্ভিদ ও প্রাণিকুলের আবাসস্থল এবং তাদের খাদ্যের উৎস ধ্বংস হচ্ছে। অপরদিকে বালু উত্তোলনে নদী গর্ভের গঠন প্রক্রিয়া বদলে যাচ্ছে এবং নদী ভাঙছে। বালু উত্তোলনের কাছাকাছি মাটির ক্ষয় যেমন ঘটছে, তেমনি মাটির গুনাগুণও নষ্ট হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কদাচিৎ পরিচালিত লোকদেখানো অভিযানে কিছু ড্রেজার জব্দ বা সামান্য জরিমানা করা হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যান।জনবসতি ও কৃষিজমি রক্ষার্থে সরকার এই অঞ্চলে প্রায় ২০৫ কোটি টাকা ব্যয়ে বাঁকখালী নদী তীর রক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ ও তীর ভেঙে ব্লকগুলো নদীতে তলিয়ে যাচ্ছে। ফলে বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে এবং আশপাশের গ্রামগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। এছাড়া ভারী ট্রাক ও ডাম্পার চলাচলের কারণে গ্রামীণ অভ্যন্তরীণ সড়কগুলোও ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু তোলায় বাঁকখালীর স্বাভাবিক গতিপথ ও নাব্যতা নষ্ট হচ্ছে। রামুর প্রায় ১৪ কিলোমিটার এবং সদরের বিস্তীর্ণ এলাকাজুড়ে দুই তীরের প্রায় অর্ধলক্ষ মানুষ আজ নদীভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভিটেমাটি হারিয়ে শত শত পরিবার নিঃস্ব হয়ে যাপাবর জীবনযাপন করছে। পরিবেশবিদদের মতে, এই ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ করা না হলে দীর্ঘমেয়াদে পুরো অঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে।
পরিবেশবাদীদের ভাষ্য-জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলছে এ অপরিকল্পিত বালু উত্তোলন।একদিকে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য ও প্রাণিকুলের আবাসস্থল অন্যদিকে নদী ভাঙ্গনের ফলে মানুষ হারাচ্ছে তাদের বসতি।আমি মনেকরি লোক দেখানো প্রশাসনের নাটকীয় অভিযান মাঝেমধ্যে শোনা গেলেও কঠোর পদক্ষেপ না নেয়ার কারনে এমন কিছু মানুষরূপী হিংস্র জানোয়ারেরা থামছে না।
পরিবেশ রক্ষা ও জনপদ বাঁচাতে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর পক্ষ থেকে জোরালো দাবি জানিয়ে বলেন, বাঁকখালী নদীর সকল অবৈধ বালু উত্তোলনের স্পটগুলো সরেজমিন তদন্ত করা।নদীর বুকে বসা সকল অবৈধ ড্রেজার ও খননযন্ত্র স্থায়ীভাবে জব্দ ও ধ্বংস করা।রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।নিয়মিত ও কঠোর নজরদারির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করা।
এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, অবৈধ বালু উত্তোলনের খবর পেলেই উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চলমান থাকবে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
