advertisement

গণপূর্ত বিভাগের ‘ব্যবহার অনুপযোগী’ ঘোষণার পরও সরেনি আদালত

মৃত্যুফাঁদে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত: ঝুঁকি নিয়েই চলছে বিচারিক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২৬, ১০:৩০

মৃত্যুফাঁদে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত: ঝুঁকি নিয়েই চলছে বিচারিক কার্যক্রম
ছবি: সংগৃহীত

ন্যায়বিচারের আশায় আদালতে এসে উল্টো প্রাণহানির আতঙ্কে ভুগছেন বিচারপ্রার্থীরা। আতঙ্ক পিছু ছাড়ছে না বিচারক, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদেরও। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের জরাজীর্ণ ছাদ, ফাটল ধরা পিলার আর কংক্রিট ভেদ করে বেরিয়ে আসা মরিচা ধরা রড এখন যেকোনো মুহূর্তে বড় বিপর্যয়ের সংকেত দিচ্ছে। গণপূর্ত বিভাগ ভবনটিকে ‘ব্যবহার অনুপযোগী’ ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা না থাকায় এই ঝুঁকিপূর্ণ ভবনেই প্রতিদিন বসছে আটটি আদালতের এজলাস।


গত ১ ফেব্রুয়ারি গণপূর্ত বিভাগের কক্সবাজার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো এক চিঠিতে ভবনটিকে ব্যবহার অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভবনটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক এবং যেকোনো মাত্রার ভূমিকম্পে এটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

featured banner


নথি অনুযায়ী, ১৯৫২ সালে নির্মিত এই ভবনটি দীর্ঘদিন কক্সবাজার জেলা আদালত ভবন হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তী সময়ে জেলা জজ আদালতের নতুন ভবন নির্মিত হলে ২০০৯ সাল থেকে এটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাত দশকেরও বেশি পুরোনো এই ভবনে বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট আটজন বিচারক নিয়মিত বিচারকাজ পরিচালনা করছেন। বিভিন্ন সময় জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও তা টেকসই হয়নি।


বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ অনুযায়ী, কক্সবাজার জেলা ভূমিকম্পের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ‘সিসমিক জোন-৩’-এর অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতে, উপকূলীয় জেলা হওয়ায় কক্সবাজারের বাতাসে লবণাক্ততার মাত্রা বেশি। দীর্ঘ সাত দশক ধরে লবণাক্ত আবহাওয়ায় থাকায় ভবনের কংক্রিট ও রডের ক্ষয় দ্রুত ত্বরান্বিত হয়েছে। কলাম ও পিলারে ফাটল দেখা দেওয়া ভবনের কাঠামোগত সক্ষমতা হারানোর চূড়ান্ত সতর্কসংকেত।


মামলা পরিচালনা, জামিন, হাজিরা ও নকল সংগ্রহের কাজে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত মানুষ এই ভবনে আসেন। শহরের নুনিয়ারছড়ার বাসিন্দা আজগর আলী নকলখানা থেকে সার্টিফিকেট তুলতে এসে ভবনের দশা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বলেন, ‘দেয়াল ফাটা আর ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। ভয়ে ভয়ে কাজ সেরে দ্রুত বের হয়ে এসেছি। এখানে বিচারপ্রার্থীদের নিরাপত্তার কিছুই নেই।’


আদালতের আইনজীবী সহকারীরা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের এই ভবনেই থাকতে হয়। কাজের চাপের চেয়েও এখন বড় দুশ্চিন্তা—কখন মাথার ওপর ছাদ ধসে পড়ে! নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারীও দ্রুত নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


কক্সবাজার আদালতের আইনজীবীরা বলেন, ‘নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ বিচারপ্রার্থীরা ন্যায়বিচার চাইতে এসে জীবনের ঝুঁকি নিচ্ছেন। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে এর স্থায়ী সমাধান প্রয়োজন।’


কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, ‘ঝুঁকি জেনেই আমাদের কাজ করতে হচ্ছে। ভবনের অবস্থা খুবই উদ্বেগজনক, যেকোনো সময় বড় বিপর্যয় ঘটতে পারে। দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন না করে আগেই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এজন্য দ্রুত একটি আধুনিক জুডিশিয়াল কমপ্লেক্স নির্মাণ করতে হবে।’


আদালত ও গণপূর্ত বিভাগ সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ এই ভবন থেকে বিচারিক কার্যক্রম সরিয়ে নিতে ২০২৩ সালের ৪ জুন ৬ হাজার বর্গফুটের একটি অস্থায়ী টিনশেড সেমিপাকা ভবন নির্মাণের জন্য প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দ চেয়ে প্রাক্কলন পাঠানো হয়েছিল। কিন্তু প্রায় তিন বছর পেরিয়ে গেলেও সেই প্রস্তাব ফাইলবন্দী হয়ে আছে। এছাড়া নতুন জুডিশিয়াল কমপ্লেক্স নির্মাণের উদ্যোগও প্রশাসনিক জটিলতা ও নানা দীর্ঘসূত্রতায় আটকে আছে।


এ বিষয়ে জানতে চাইলে গণপূর্ত বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী বলেন, ‘ভবনটি অনেক পুরোনো হওয়ায় এর ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। ২০২৩ সালে জেলা জজ বরাবর অস্থায়ী ভবনের একটি প্রাক্কলন পাঠানো হয়েছিল, যা বর্তমানে কোন পর্যায়ে আছে তা আমার জানা নেই। তবে চলতি অর্থবছরে দুটি কক্ষ নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া গেছে।’


সচেতন মহল ও মানবাধিকারকর্মীদের মতে, গণপূর্ত বিভাগের লিখিত সতর্কবার্তার পরও এমন ঝুঁকিপূর্ণ ভবনে বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়া চরম উদাসীনতা। বড় কোনো প্রাণহানি এড়াতে অবিলম্বে ভবনটির পূর্ণাঙ্গ কাঠামোগত পরীক্ষা (স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট), ঝুঁকিপূর্ণ অংশে প্রবেশ নিয়ন্ত্রণ, বিকল্প স্থানে আদালত স্থানান্তর এবং আধুনিক জুডিশিয়াল কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুত শুরু করা অপরিহার্য।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
অরক্ষিত রেলক্রসিং, বাড়ছে মৃত্যু

অরক্ষিত রেলক্রসিং, বাড়ছে মৃত্যু

ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী

ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী

কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন

কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন

ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে

ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে

আগামি ২২ নভেম্বর মধ্যে অবৈধ স্থাপনা ‘নিজ দায়িত্বে’ না সরালেই উচ্ছেদ

আগামি ২২ নভেম্বর মধ্যে অবৈধ স্থাপনা ‘নিজ দায়িত্বে’ না সরালেই উচ্ছেদ

জনগণের শান্তি বিনষ্টের চেষ্টা করলে রাজপথেই প্রতিহত করা হবে

জনগণের শান্তি বিনষ্টের চেষ্টা করলে রাজপথেই প্রতিহত করা হবে

সর্বশেষ সংবাদ