
টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

### পাহাড় থেকে মানুষ সংগ্রহ ও জিম্মি করে মুক্তিপণ আদায়
### কোস্ট গার্ডের কঠোর নজরদারি ও উদ্ধার অভিযান
### প্রধান গন্তব্য মালয়েশিয়া ও থাইল্যান্ড

### সাগরে অনাহার, ট্রলারডুবি ও প্রাণহানি
টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছেই না। কখনো চাকরির প্রলোভন, কখনো বিদেশে উন্নত জীবনের স্বপ্ন, আবার কখনো অপহরণ করে মানুষকে জিম্মি করা হচ্ছে। পরে তাদের সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর চেষ্টা চালাচ্ছে সংঘবদ্ধ চক্র। এই পাচারের শিকার হচ্ছেন দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা।
সম্প্রতি টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলিতে এক সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা এ অঞ্চলে পাচারকারী চক্রের ভয়ংকর তৎপরতা আবারও সামনে নিয়ে এসেছে। গত ৫ নভেম্বরের ওই অভিযানে জিম্মি অবস্থায় থাকা নারী-শিশুসহ ৫৭ জনকে উদ্ধার এবং পাচার চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক অভিযানের পরও পাচারকারীরা কৌশল পরিবর্তন করে তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
টেকনাফে সাগরপথে পাচারের জন্য মানুষ সংগ্রহ, গোপন আস্তানায় আটকে রাখা, পাহারা দেওয়া এবং উপকূলে পৌঁছে দেওয়ার জন্য একাধিক ধাপে কাজ করছে বিভিন্ন চক্র। অনেক ক্ষেত্রে অপহরণ করে বা ভালো চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফে নিয়ে আসা হচ্ছে।
গত ৫ নভেম্বরের অভিযানে উদ্ধার হওয়া ভুক্তভোগীদের কেউ কেউ জানান, তাদের চাকরির কথা বলে কক্সবাজারে এনে পাহাড়ের আস্তানায় আটকে রাখা হয়েছিল। মালয়েশিয়া যাওয়ার জন্য জনপ্রতি সাড়ে ৩ লাখ টাকা অথবা বাড়ি ফিরতে ৪ লাখ টাকা দাবি করা হয়। আটকে রেখে ভুক্তভোগীদের ওপর মারধর ও শারীরিক নির্যাতনেরও গুরুতর অভিযোগ রয়েছে।
কক্সবাজার উপকূল দিয়ে মানবপাচারের ঘটনা নতুন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩ হাজার ৫৩৪ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই রোহিঙ্গা। এছাড়া কক্সবাজার জেলায় ২০১২ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মানবপাচারের অভিযোগে ৪৬২টি মামলা দায়ের হয়েছে।
গত দুই বছরে কোস্ট গার্ডের বেশ কয়েকটি অভিযানে সহস্রাধিক মানুষ উদ্ধার হয়েছেন। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফের বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২৩ নারী, ২২ পুরুষ ও ২১ শিশুসহ মোট ৬৬ জনকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া শাখার উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মানবপাচার প্রতিরোধে কোস্ট গার্ডের কার্যক্রম এখন শুধু সাগরে ট্রলার আটকানোর মধ্যে সীমাবদ্ধ নেই। পাচারকারীরা যাতে মানুষকে ট্রলারে তুলে গভীর সাগরে পাঠাতে না পারে, সে জন্য উপকূলীয় এলাকা ও পাহাড়ের গোপন আস্তানায়ও কঠোর নজরদারি চালানো হচ্ছে।
টেকনাফ থেকে সাগরপথে মানবপাচারের অন্যতম প্রধান গন্তব্য মালয়েশিয়া। তবে অনেক ক্ষেত্রে থাইল্যান্ডকে মধ্যবর্তী গন্তব্য হিসেবে ব্যবহার করে পাচারকারীরা। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) ২০২৪ সালের এক গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের টেকনাফ ও চট্টগ্রামের আনোয়ারা থেকে সমুদ্রপথে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় বন্দরে মানুষ নেওয়া হয়। সেখান থেকে সাগর বা স্থলপথে থাইল্যান্ড এবং পরে মালয়েশিয়ায় পাঠানো হয়। এই যাত্রায় পাঁচ থেকে ১০ দিন পর্যন্ত সময় লাগে।
মানবপাচারের শিকার ব্যক্তিদের জন্য সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয় ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায়। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ ট্রলারে তোলায় পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপত্তার মারাত্মক সংকট তৈরি হয়। দীর্ঘ যাত্রায় ইঞ্জিন বিকল হওয়া, বৈরী আবহাওয়া কিংবা নৌযান ডুবে যাওয়ার ঘটনা প্রতিনিয়ত প্রাণহানির কারণ হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞদের গত ২৯ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালে ৬ হাজার ৫০০-এর বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রায় অংশ নেন। এর মধ্যে আনুমানিক ৯০০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ সমুদ্রযাত্রায় অংশ নেওয়া প্রতি সাতজনের একজনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার মর্মান্তিক তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
