advertisement

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় পরিবেশ ধ্বংসের অভিযোগ

বিতর্কের মাঝে শুরু হলো ‘কার্নিভাল’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৩, ২০২৬, ০৮:৪৪

বিতর্কের মাঝে শুরু হলো ‘কার্নিভাল’
ছবি: সংগৃহীত

* প্রচারণায় ৯০ দিন হলেও ৩ বছরের পিপিআই চুক্তি

* খাবার ও কেনাকাটার মাত্র ৬টি সাধারণ জোন ঘুরতেই পর্যটকদের গুনতে হবে ৫০০ টাকা

* একবার প্রবেশের (ওয়ান টাইম) টিকিট ২০০ টাকা ও সারা দিনের (ফুল ডে) টিকিট ৫০০ টাকা

featured banner

* প্রবেশ টিকিটের বাইরে যে ৯ জোনে গুনতে হবে বাড়তি টাকা

* কায়াকিং ফি ৫০ টাকা উল্লেখ থাকলেও ক্যাম্পিং, গো-কার্ট, ভিআর গেমিং বা বালু ভাস্কর্যের টিকিটের দাম অপ্রকাশিত



ঝাউগাছ কেটে স্থায়ী পাকা স্থাপনা নির্মাণসহ নানা বিতর্কের মাঝে আগামী তিন মাসের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতের তীরে ঝাউবাগানে গতকাল রোববার (২২ নভেম্বর) শুরু হয়েছে কক্সবাজার পর্যটন কার্নিভাল। আয়োজকরা দাবি করছেন, কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এবং পর্যটনশিল্পের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান বাড়ানোর লক্ষ্য নিয়েই এই কার্নিভাল আয়োজন করা হচ্ছে। যদিও শুরুর আগেই ঝাউগাছ কেটে কার্নিভাল আয়োজন, কার্নিভালের নামে পর্যটনের জমির দখলের পাঁয়তারাসহ নানা বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশনের এই উদ্যোগ।উৎসব শুরুর আগেই সমুদ্রধারের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) বালিয়াড়ির এই আয়োজন নিয়ে উঠেছে প্রশ্ন।

গতকাল রোববার (২২ নভেম্বর) বিকালে ঝাউবাগানের কবিতা চত্বরের কাছে এই কার্নিভালের উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক গনিউল আজম।

এদিকে ৯০ দিনের সাময়িক উৎসব বলে প্রচার করা হলেও সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন, কার্নিভালে সাড়া পড়লে আরও বেশি সময় চলানো হবে আয়োজন। এছাড়া বন্দোবস্তের মেয়াদও তিন বছর হবে। এবারের আয়োজকেরাই স্থায়ী সাব স্টেশনের মতো কিছু স্থাপনা রেখে যাবে। পরের দুই বছর আয়োজক প্রতিষ্ঠান ফের একই আয়োজন করবে।

এদিকে খাবার ও কেনাকাটার মাত্র ৬টি সাধারণ জোন ঘুরতেই পর্যটকদের গুনতে হবে ৫০০ টাকা। ১৫টি জোনের প্রচারণা চালানো হলেও বালুর ভাস্কর্যসহ মূল আকর্ষণ বাকি ৯টি জোনে প্রবেশে গুনতে হবে বাড়তি ফি। ইসিএ ঘোষিত সৈকতে আলোকসজ্জা, স্থায়ী সাব-স্টেশন, ওয়াশরুম ও ইটের ওয়াকওয়ে নির্মাণে কাটা পড়েছে ঝাউগাছসহ বালিয়াড়ির সাগরলতা ও ঘাস।

প্রচারণায় ৯০ দিন, ৩ বছরের পিপিআই চুক্তি

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে পাবলিক প্রাইভেট ইনিশিয়েটিভের (পিপিআই) আওতায় কার্নিভালটি বাস্তবায়ন করছে স্পেলবাউন্ড। লিখিত চুক্তিপত্র অপ্রকাশিত। দুই সংস্থা আনুষ্ঠানিকভাবে মেয়াদ নিয়ে কথা না বললেও উভয় পক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি নিশ্চিত করেছে, বিনা ভাড়ায় ৩৫ একর জমি স্পেলবাউন্ডকে কার্নিভাল আয়োজনের জন্য ৩ বছরের জন্য দেওয়া হয়েছে।

চুক্তির বিষয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, ‘পর্যটনশিল্পকে এগিয়ে নিতেই দেশে প্রথমবারের মতো পিপিআইর মাধ্যমে ৩ মাসব্যাপী কার্নিভালের আয়োজন করা হয়েছে। এতে করপোরেশন শুধু জমি দিয়েছে আর বিনিয়োগ করেছে আয়োজক প্রতিষ্ঠান। এই আয়োজনে সফল হলে এটি আরও বিস্তৃত পরিসরে করার চিন্তা রয়েছে। তিন মাসের এই সময়সীমা ধাপে ধাপে বৃদ্ধির পাশাপাশি দেশের অন্যান্য পর্যটন এলাকায়ও এটি আয়োজনের পরিকল্পনা নেওয়া হবে।’

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত না থাকার কথা জানিয়ে তিনি দাবি করেন, এটি অধীনদের মধ্যস্থতায় হয়েছে এবং বিনা ভাড়ায় আপাতত ৩১ জানুয়ারি পর্যন্ত স্পেলবাউন্ডকে দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, কার্নিভাল ৩ মাসের বলে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। চুক্তি কত দিনের, তা পর্যটন করপোরেশন বলতে পারবে। এই কার্নিভালের আয়োজন, টিকিট, স্টল বরাদ্দের সব বিষয় সরাসরি করপোরেশন তদারকি করছে।

ইসিএ এলাকায় অবকাঠামো ও গাছ কাটার অভিযোগ, প্রশাসনের তদন্ত প্রত্যাখ্যান

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, কক্সবাজার সমুদ্রসৈকত ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ), যেখানে বালিয়াড়ির প্রকৃতি নষ্ট, গাছ কাটা বা স্থায়ী অবকাঠামো নির্মাণ আইনত নিষিদ্ধ। অথচ অবকাঠামো নির্মাণে সৈকতের প্রায় ৩০টি ঝাউগাছসহ বালিয়াড়ির সাগরলতা ও ঘাস কাটা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান বলেন, ‘বিভিন্ন মারফতে কার্নিভালে গাছ কাটার খবর পেয়ে বন বিভাগ ও সিভিল অ্যাভিয়েশনসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কার্নিভাল উপলক্ষে কোনো গাছ কাটার প্রমাণ আমরা পাইনি। তবে বিভিন্ন সময়ে প্রাকৃতিক কারণে ঝড়ে পড়া গাছ বন বিভাগ কেটেছে এবং কার্নিভালের কাজ শুরুর আগে বিমান চলাচলের সুবিধার্থে সিভিল অ্যাভিয়েশন গাছের ওপরের অংশ কেটেছে।’

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুহুল আমীন খান বলেন, ‘এটি ইসিএ জোন নয়, বরং এটি পর্যটন করপোরেশনের নিজস্ব জায়গা।’

তবে প্রশাসনের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, ‘গাছ কাটার অভিযোগ আমরা ৫টি সংগঠন করেছি। অথচ আমাদের বাদ দিয়েই প্রশাসনের মনগড়া একটি কমিটি প্রতিবেদন দিয়েছে। আমরা সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছি। তদন্ত করতে হলে অভিযোগকারীদের সঙ্গে নিয়েই কার্নিভালের স্থান পরিদর্শন করতে হবে।’

সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুল বান্না বলেন, ‘বেলার পক্ষ থেকে কার্নিভাল স্থান পরিদর্শন করা হয়েছে। কার্নিভাল উপলক্ষে গাছ কাটা, ঘাস উপড়ে ফেলা ও সাগরলতা ধ্বংসের প্রমাণ মিলেছে। এ জন্য গেল ১৮ নভেম্বর কার্নিভাল আয়োজন বন্ধ করতে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক, পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও করপোরেশনের চেয়ারম্যান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক, কক্সবাজার জেলা প্রশাসক ও বিভাগীয় বন কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছি।’

সরেজমিনে বালিয়াড়ির ভেতরের চিত্র

সরেজমিনে দেখা যায়, উদ্বোধনের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধান ফটক (কবিতা চত্বর) দিয়ে ঢুকলেই আলোকসজ্জায় রাঙানো চারপাশ। বালিয়াডি সমান করে তৈরি করা হয়েছে উত্তরমুখী ইটের ওয়াকওয়ে। সেই রাস্তার সাথে লাগোয়া অবস্থানে তৈরি হয়েছে সাগর লতা বিনষ্ট করে গড়া হয়েছে ভিআর জোন, ব্র্যান্ড প্যাভিলিয়ন, বালু ভাস্কর্য, অ্যাম্ফিথিয়েটার (কালচার জোন) ও পিঠা জোন (লাইভ মিউজিক উইথ অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট)। এর পূর্বপাশে খানিকটা দূরে সাজানো হয়েছে এসএমই জোন, ফুটসাল পয়েন্ট, সিনেমা জোন, ইলেকট্রিক সাব-স্টেশন, গো-কার্ট জোন, কমান্ডো ক্যাম্প জোন, মার্কেটপ্লেস, ক্যাম্পিং জোন, ব্যাডমিন্টন কোর্ট, ওপেন লাইব্রেরি, তিনটি ফুড জোন, চারটি ওয়াশরুম, কিডস জোন (স্টিম সনা, স্প্ল্যাশ প্যাড, আর্কেড গেম, আইসক্রিম পার্লার) এবং ভেতরের পুকুর (কায়াকিং, ফিশিং, চিলড্রেন বোট ও ওয়াটার লেজার শো)। রাস্তার পশ্চিমে তৈরি হয়েছে ফটো এক্সিবিশন, সানসেট ভিউ পয়েন্ট, আর্ট এক্সিবিশন জোন, বার-বি-কিউ জোন ও ওয়েলনেস জোন।

টিকিটের শর্ত আর ক্যাশলেস লেনদেনের নিয়ন্ত্রণ

একবার প্রবেশের (ওয়ান টাইম) টিকিট ২০০ টাকা ও সারা দিনের (ফুল ডে) টিকিট ৫০০ টাকা। আয়োজকদের ওয়েবসাইট ও টিকিটিং পার্টনার টিকিফাই-এর তথ্যমতে, মূল টিকিটে কেবল ফুড জোন, পিঠা এরিনা, মার্কেট জোন, বার-বি-কিউ জোন, অ্যাম্ফিথিয়েটারে লাইভ মিউজিক ও লাইভ বাস্কিংÍএই ৬টি সাধারণ এলাকায় যাওয়া যাবে, যার ৪টিই খাবার ও কেনাকাটার। মূল আকর্ষণ বাকি ৯টি জোনে আলাদা টিকিট লাগবে। কায়াকিং ফি ৫০ টাকা উল্লেখ থাকলেও ক্যাম্পিং, গো-কার্ট, ভিআর গেমিং বা বালু ভাস্কর্যের টিকিটের দাম অপ্রকাশিত।

পুরো এলাকা ক্যাশলেস করতে সিটি ব্যাংক ও বিকাশের সঙ্গে চুক্তি হয়েছে। প্রবেশমুখে বিকাশের ‘ওয়ান স্টপ সার্ভিস’ বুথে কাগজপত্র ছাড়াই তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলা যাবে; নির্দিষ্ট মেয়াদে কাগজপত্র জমা না দিলে তা বাতিল হবে। স্টল বিক্রির টাকা সরাসরি স্পেলবাউন্ডের অ্যাকাউন্টে জমা হয়ে এক সপ্তাহ পরপর উদ্যোক্তাদের পরিশোধ করা হবে।

বিনা ভাড়ার জমিতে স্টল ভাড়া ও সার্ভিস চার্জ

তিনটি ফুড জোনের মধ্যে ২০টি ‘কনটেইনার ফুড প্যাভিলিয়ন’ ১৫ লাখ টাকা করে (সঙ্গে ১০ শতাংশ মাসিক সার্ভিস চার্জ, আলাদা বিদ্যুৎ বিল ও ঘণ্টায় ৩৫০০ টাকা জেনারেটর চার্জ); ৫০টি ‘প্যাগোডা ফুড স্টল’ ৩ লাখ টাকা করে (১৫ শতাংশ সার্ভিস চার্জ) এবং ২০টি ‘পপ-আপ ফুড কার্ট’ ১ লাখ ৫০ হাজার টাকা করে (১৫ শতাংশ সার্ভিস চার্জ ও অগ্রিম এলপিজি ফি, বিদ্যুৎ সংযোগ নেই)।

কেনাকাটা ও প্রদর্শনীর পাঁচটি ক্যাটাগরিতে ২৫টি ‘মার্কেটপ্লেস প্যাগোডা স্টল’ ৩ লাখ টাকা করে ও স্থানীয়দের জন্য ‘যৌথ ছাউনির নিচে টেবিল’-এ ২০টি টেবিল ১ লাখ টাকা করে (অতিরিক্ত বিদ্যুৎবিহীন)। ২৫টি ‘নভেম্বরের অফ-পিক রোটেটিং স্টল’-এর ১৫ দিনের ভাড়া ৪০ হাজার ও ২৫টি ‘পিক সিজনের রোটেটিং স্টল’-এর ১৫ দিনের ভাড়া ৭০ হাজার টাকাÍপ্রতিটিতে ৫ শতাংশ মাসিক সার্ভিস চার্জ (অতিরিক্ত ব্র্যান্ডিং অন্তর্ভুক্ত নয়)। ‘ক্রাফট ভিলেজ’-এ মোট ৪৩,৭০০ বর্গফুটের মধ্যে সর্বনিম্ন ৫,০০০ বর্গফুট জায়গা প্রতি বর্গফুট ৫০০ টাকা (১৫ শতাংশ সার্ভিস চার্জ, বিদ্যুৎ পয়েন্ট থাকলেও স্টল নির্মাণ খরচ নেই)। সব ভাড়া ভ্যাট ব্যতীত; সার্ভিস চার্জে ৭ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ বিদ্যুৎ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা খরচ এবং ৩ শতাংশ আয়োজকদের মুনাফা অন্তর্ভুক্ত।

প্রবেশ টিকিটের বাইরে যে ৯ জোনে গুনতে হবে বাড়তি টাকা

বালু ভাস্কর্য ও চিত্রকর্ম জোনে দেশি-বিদেশি ভাস্করদের তৈরি ১৫-২০টি বিশাল ভাস্কর্যে রয়েল বেঙ্গল টাইগার, মা হাতি ও শাবক, ইলিশ, সাম্পান নৌকা, জেলেদের জীবনচিত্র, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন ও শহীদ মিনারের প্রতিকৃতি রয়েছে। চিত্রকর্ম জোনে দেশীয় শিল্পীদের কাজের পাশাপাশি ভ্যান গঘের শিল্পকর্মের আদলে আর্ট ইনস্টলেশন ও আলোকসজ্জা থাকছে।

ওপেন থিয়েটার জোনে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, ‘ওয়েভ অব স্টোরিজ অ্যান্ড স্টারস’ ওপেন-এয়ার ফিল্ম প্রদর্শনী, উইকেন্ড কনসার্ট, ওপেন মাইক ও বিশেষ টেন্টে সার্কাস চলবে। মোটেল শৈবালের ভেতরের পুকুরের চারপাশেও আলোকসজ্জা ও বিনোদন থাকবে।

স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রকল্প ও বিজনেস ইন্টিগ্রেশন বিভাগের প্রধান আহমেদ সুপ্রতিম (ভাস্কর) বলেন, ‘বিচ কার্নিভালের কাজ ৯০ ভাগের ওপর শেষ। আগামী ২২ নভেম্বর বিকেল ৩টায় এর উদ্বোধন হবে। নিরাপত্তার জন্য দুই শতাধিক নিরাপত্তাকর্মী ও এক শতাধিক পরিচ্ছন্নতাকর্মী রাখা হয়েছে। এ ছাড়া ৪টি জোনে প্রায় ১২০টি ওয়াশরুম তৈরি করা হয়েছে।’

আলাদা ফি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রবেশ ফি দিয়ে ঢুকে তাঁবু ও ক্যাম্প ফায়ারিং জোন ছাড়া সবই দেখা যাবে। তবে ওই ৯টি জোনে প্রবেশ করতে আলাদা প্রবেশ ফি দিতে হবে।’

কোন জোনের ফি কত ও তাঁবুতে রাত্রিযাপনে কত লাগবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো জোন ফি নির্ধারণ করিনি। তবে একেক জোনের একেক ধরনের ফি হবে।’

প্রসঙ্গত, কক্সবাজার পর্যটন কার্নিভাল শুরু হওয়ার কথা ছিল ১৫ নভেম্বর। কিন্তু আয়োজন কার্যক্রম গোছাতে না পারায় সেটা করা হয় ২২ নভেম্বর। এই সময়ের মধ্যে আয়োজকদের বিরুদ্ধে সমুদ্রের রক্ষাকবচ হিসেবে পরিচিত ঝাউবাগানের গাছ কেটে কার্নিভাল আয়োজনের অভিযোগ উঠে। এছাড়াও কার্নিভাল আয়োজনের অন্তরালে পর্যটনের ৩৫ একর জমি দখলে নেয়ার অভিযোগও উঠে। অভিযোগকারিদের মতে, আওয়ামী লীগ সরকারও পর্যটনের হোটেল শৈবালের এই জমি বেসরকারি খাতে অরিয়ন গ্রুপকে লিজ দিতে চেয়েছিল। স্থানীয়দের বাধার মুখে তৎকালিন সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। অথচ, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই একই প্রকল্পকে বেসরকারি খাতে লিজ দেয়ার জন্যই এই কার্নিভালের আয়োজন করা হচ্ছে বলেও অনেকের অভিযোগ।

যদিও পর্যটন করপোরেশন ও সংশ্লিষ্টরা এসব অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন।

গাছ কাটার অভিযোগ অস্বীকার করে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রকল্প ও বিজনেস ইন্টিগ্রেশন বিভাগের আহমেদ সুপ্রতিম (ভাস্কর) আরো বলেন, ‘ঝাউগাছ আছে বলেই এই জায়গাটি আমরা পছন্দ করেছি। তাই গাছ কাটার প্রশ্নই ওঠে না। ওয়াকওয়ে নির্মাণ করতে ঘাস ছাঁটাইয়ের জন্য অনেক শ্রমিক লেগেছে। চাইলে তো রাসায়নিক ব্যবহার করে রাতের অন্ধকারে কাজ শেষ করতে পারতাম, কিন্তু আমরা সেটি করিনি।’

অন্যদিকে সচেতন মহলের প্রশ্ন, ঝাই বাগানের ভিতরে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা, মানব বর্জ্য, রান্না-বান্নার বর্জ্য, আগুন জ¦ালাসহ নানা প্রকার বর্জ্যে ঝাউগাছ ও পরিবেশের যে ক্ষতি হবে তার দায় কে নিবে?

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
বন গিলে খাচ্ছে কর্মকর্তারা, রক্ষাকর্তা কে?

বন গিলে খাচ্ছে কর্মকর্তারা, রক্ষাকর্তা কে?

মালয়েশিয়ায় পাচারকালে যৌথবাহিনী উদ্ধার করলো ৮ রোহিঙ্গা

মালয়েশিয়ায় পাচারকালে যৌথবাহিনী উদ্ধার করলো ৮ রোহিঙ্গা

২৭ দিনেও নিভল না ইনানীর আগুন

২৭ দিনেও নিভল না ইনানীর আগুন

টেকনাফে পৃথক অভিযানে বিপুল গ্রেনেড, আইইডি বোমা ও গুলি উদ্ধার; আটক ২

টেকনাফে পৃথক অভিযানে বিপুল গ্রেনেড, আইইডি বোমা ও গুলি উদ্ধার; আটক ২

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা বাস্তবায়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা বাস্তবায়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন

নবাগত ইউএনও রুম্পা ঘোষের সাথে কক্সবাজার সদর প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নবাগত ইউএনও রুম্পা ঘোষের সাথে কক্সবাজার সদর প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ সংবাদ