
উচ্ছেদ অভিযানের আগেই জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় রণক্ষেত্র, হামলা-সংঘর্ষে আহত ৪

সংবাদ প্রকাশ এবং পৈতৃক জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে কক্সবাজার জেলা কারাগার সংলগ্ন মাটিয়াতলী এলাকায় একটি উচ্ছেদ অভিযানের আগের দিন আসরের পর দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রাশেদ ও তাহমিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বজনরা।
হাসপাতালে চিকিৎসাধীন আহত রাশেদ অভিযোগ করে বলেন, "গত ৬ সেপ্টেম্বর ‘প্যানোয়া নিউজ’-এ পাহাড় খেকো ও সরকারি খাস জমি দখলদারদের বিরুদ্ধে সত্য বক্তব্য দেওয়ায় স্থানীয় বিএনপি নামধারী সাহাব উদ্দিন, তথাকথিত ‘মামা গ্রুপ’-এর প্রধান আব্দুল আজিজ এবং নাজিমুদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা হত্যার উদ্দেশ্যে আমাদের ঘিরে ধরে মারধর করে।"

ঘটনার বিবরণ দিয়ে অপর আহত তাহমিদ ও জাহাঙ্গীর জানান, জেলা কারাগারের পশ্চিম পাশে তাদের পৈতৃক সূত্রে পাওয়া প্রায় সাত খানি বিএস খতিয়ানি জমি রয়েছে। সেখানে চাষাবাদের উদ্দেশ্যে জমি পরিদর্শনে গেলে মামা গ্রুপের প্রধান আব্দুল আজিজ, শামশু সওদাগরের পুত্র শাহাবুদ্দিন ও নাজিমুদ্দিনসহ অন্তত ১৫-২০ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায়।
তাহমিদ বলেন, "তারা দাবি করে, এই জমি নাকি তাদের দখলে আছে এবং এখানে আসতে হলে তাদের অনুমতি নিতে হবে। আমরা ১০০ বছরের পুরোনো পৈতৃক রেজিস্ট্রি ও খতিয়ানি জমিতে প্রবেশের কারণ জানতে চাইলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।"
হামলাকারীরা চারজনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং চলে যাওয়ার সময় ভুক্তভোগী এমদাদুল হকের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
