
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার ৭১ ডেস্ক:
রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসি ফাউন্ডেশন) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠছে। বিশেষ করে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিবেশ নেতিবাচক হয়ে উঠছে। তাই ক্যাম্পগুলোর সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।
তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যা ও ভোগান্তি পোহাতে হচ্ছে। ক্যাম্পগুলো যত বেশি জনবহুল হবে, সংকটও তত বেশি জটিল হয়ে উঠবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। তবে এই সহায়তা কোনোভাবেই প্রত্যাবাসনের বিকল্প হতে পারে না; এটি কেবল একটি সাময়িক ব্যবস্থা।
রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, সম্মানজনক ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্বের প্রভাবশালী দেশগুলো এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর সহায়তা ও সমর্থন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেন অন্য কোনো বৈশ্বিক ইস্যুর আড়ালে চাপা না পড়ে, সে বিষয়ে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেবে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
