
চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাতে চকরিয়া সরকারি কলেজের প্রধান ফটক সংলগ্ন যাত্রী ছাউনির পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উপজেলার ৯নং লক্ষ্মারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চকরিয়া সরকারি কলেজের মেইন গেট সংলগ্ন যাত্রী ছাউনির পিছনে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত অবৈধ অস্ত্র লুকিয়ে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে যাত্রী ছাউনির পিছনের জঙ্গল থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি। উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও উদ্ধারকৃত অস্ত্রের মালিকানার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-১৫। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
