
টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র্যাব-১৫

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক কয়েক কোটি টাকা মূল্যের ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে র্যাব-১৫।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকার খামিন মাঝির বসতবাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১টা ১০ মিনিটে র্যাব সেখানে অভিযান চালায়। তবে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে অন্ধকারে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ১ কেজি ওজনের তিনটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট পাওয়া যায়, যার ওপর “GUANYINWANG” লেখা ছিল। প্যাকেটগুলো খুলে মোট ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
অভিযান সূত্রে আরও জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে কৌশলে ক্রিস্টাল মেথসহ নানা অবৈধ মাদক দেশে এনে টেকনাফ, কক্সবাজার ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
