
গর্জনিয়ায় সার নৈরাজ্য: কৃষি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন
ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

# কৃষকের দুই বস্তা সারে ৮০০ টাকা বেশি আদায়ের অভিযোগ
# ছয় খুচরা ডিলারের কাছ থেকে অতিরিক্ত ৩০ হাজার টাকা আদায়ের দাবি
# বরাদ্দের সার পাচার ও অন্যত্র বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, খুচরা ডিলারদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, কৃষকদের বরাদ্দের সার অন্যত্র বিক্রি ও সীমান্ত দিয়ে পাচারের অভিযোগে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে সার বিতরণ ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এমনকি কৃষকদের কাছ থেকে দুই বস্তা সারের বিপরীতে ৮০০ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগও উঠেছে। অন্যদিকে ছয়জন খুচরা সার ডিলারের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গর্জনিয়া ইউনিয়নের বিসিআইসি সার ডিলার ফজল করিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহেদ। একই সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান ও গর্জনিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইসমাইলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় কৃষক ও সার ব্যবসায়ীরা।
গত ৯ নভেম্বর সকাল ১১টার দিকে গর্জনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বোমাংখিল এলাকার কৃষক মোহাম্মদ শাহ আলম এক বস্তা ইউরিয়া ও এক বস্তা টিএসপি সার সংগ্রহ করেন। তাঁর ভাষ্যমতে, প্রতি বস্তা সারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫০ টাকা হিসেবে দুই বস্তার মূল্য দাঁড়ায় ২ হাজার ৭০০ টাকা। কিন্তু তাঁর কাছ থেকে আদায় করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। অর্থাৎ দুই বস্তা সারের বিপরীতে তাঁকে অতিরিক্ত ৮০০ টাকা দিতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শুধু শাহ আলম নন, গর্জনিয়া ইউনিয়নের নবী আলম, কালো, ছৈয়দ আলম, মনির আহমদ, নুরুল ইসলাম, সাইফুল ইসলামসহ আরও অনেক কৃষক একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলে জানা গেছে। তাঁদের অভিযোগ, সরকারি নির্ধারিত মূল্যে সার পাওয়ার কথা থাকলেও বাস্তবে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকরা।
ছয় খুচরা ডিলারের কাছ থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ
কৃষকদের কাছ থেকে বেশি দামে সার বিক্রির অভিযোগের পাশাপাশি খুচরা সার ডিলারদের কাছ থেকেও সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গর্জনিয়া ইউনিয়নের মোট নয়জন খুচরা সার ডিলারের মধ্যে গত ৯ নভেম্বর ছয়জন সরকারি বরাদ্দের সার সংগ্রহ করেন। এ সময় প্রত্যেকের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত প্রায় পাঁচ হাজার টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সে হিসাবে ছয়জনের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা অতিরিক্ত আদায়ের দাবি করা হয়েছে।
সার গ্রহণকারী ছয়জন খুচরা ডিলার হলেনÍওমর ফারুক, কামাল, সাহাব উদ্দিন, শফিক, মুজিব ও বাদশা। অন্যদিকে শাহ আলম, আবুল কালাম ও জোবাইর ওই দিন সার গ্রহণ করেননি।
অভিযোগের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, গর্জনিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইসমাইলের উপস্থিতিতেই অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টদের দাবি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় খুচরা সার ডিলারদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
এ বিষয়ে রামু উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরবর্তী সময়ে উপজেলা কৃষি অফিসের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, খুচরা ডিলারদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। ইতোমধ্যে সংশ্লিষ্ট ডিলারদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে টাকা ফেরত নেওয়ার জন্য আসতে বলা হয়েছে বলেও জানা গেছে।
কচ্ছপিয়ায় গোডাউন, গর্জনিয়ার বরাদ্দের সার কোথায় যাচ্ছে?
সার বিতরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বাইরেও ফজল করিম ট্রেডার্সের সার সংরক্ষণ ও বিপণন কার্যক্রম নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, গর্জনিয়া ইউনিয়নের বিসিআইসি সার ডিলার হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ শাহেদ কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রির কাটায় সার সংরক্ষণের গোডাউন পরিচালনা করছেন। এক ইউনিয়নের জন্য বরাদ্দ করা সরকারি সার অন্য ইউনিয়নে গোডাউন করে সংরক্ষণ ও বিতরণের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় কৃষকরা।
অভিযোগ রয়েছে, গর্জনিয়া ইউনিয়নের কৃষকদের নামে বরাদ্দ করা সার প্রকৃত কৃষকদের মধ্যে যথাযথভাবে বিতরণ না করে মিয়ানমারে পাচার, তামাক কোম্পানি এবং বহিরাগত কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে বরাদ্দ, উত্তোলন, পরিবহন, মজুত ও বিক্রয়সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কৃষি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন
গর্জনিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইসমাইলের দায়িত্ব পালন নিয়েও স্থানীয় কৃষকদের মধ্যে অসন্তোষ রয়েছে। অভিযোগকারীদের দাবি, তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। পাশাপাশি কৃষকদের মধ্যে ন্যায্যভাবে সার বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয়দের একটি অংশের অভিযোগ, সংশ্লিষ্ট সার ডিলারের সঙ্গে কৃষি বিভাগের কর্মকর্তাদের ঘনিষ্ঠতার কারণে দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমানের সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তা ইসমাইলের সুসম্পর্কের কারণে অভিযোগগুলো যথাযথ গুরুত্ব পাচ্ছে না বলেও দাবি করেছেন কেউ কেউ।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য, দাপ্তরিক নথি ও দায়িত্ব পালনের রেকর্ড যাচাই করা প্রয়োজন।
ডিলার নিয়োগে সুপারিশ উপেক্ষা ও আর্থিক সুবিধার অভিযোগ
এদিকে সার ডিলার নিয়োগ নিয়েও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফর রহমান কাজলের সুপারিশ উপেক্ষা করে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছেÍএমন এক ব্যক্তিকে সার ডিলার নিয়োগ পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ নিয়োগের বিনিময়ে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগও রয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সম্পাদক এম. আবদুল্লাহ আল মামুন সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহণ ও ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
তবে অভিযোগে উল্লিখিত আর্থিক লেনদেন ও নিয়োগসংক্রান্ত অনিয়মের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদন্ত এবং লিখিত অভিযোগের নথি যাচাই প্রয়োজন।
সার নৈরাজ্যে দিশেহারা প্রান্তিক কৃষক
সরকারি ভর্তুকির সার প্রকৃত কৃষকের কাছে নির্ধারিত মূল্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ডিলার ও কৃষি বিভাগের। অথচ গর্জনিয়ায় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, খুচরা ডিলারদের ওপর বাড়তি অর্থের চাপ, বরাদ্দের সার অন্যত্র বিক্রি এবং পাচারের অভিযোগে পুরো সার বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকদের দাবি, গর্জনিয়া ইউনিয়নের সার বরাদ্দ, উত্তোলন, পরিবহন, গোডাউন ও বিক্রয়সংক্রান্ত যাবতীয় নথি নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ, খুচরা ডিলারদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়, কচ্ছপিয়ার ফাক্রির কাটায় গোডাউন পরিচালনার বৈধতা এবং কৃষকদের বরাদ্দের সার প্রকৃতপক্ষে কোথায় যাচ্ছে, তা অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
গর্জনিয়ার কৃষকদের প্রত্যাশা, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে এবং প্রকৃত কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
