
কক্সবাজারে পর্যটন এলাকাগুলোতে আগুন আর সৈকত সমুদ্রে প্রাণহানী
পর্যটনে পড়তে পারে বিরূপ প্রভাব

# ইনানীতে বাড়ছে আগুনের ফুলকা, আতঙ্কে স্থানীয়রাও,
# সমুদ্র সৈকতে বাড়ছে প্রাণহানি,
# পর্যাপ্ত লাইফ গার্ড না থাকার অভিযোগ সচেতন মহলের,

# সম্প্রতি আগুনে পুড়ে ১০ পর্যটকের মৃত্যু
# অত্যাধিক আগুনের ফুলকার রহস্যভেদ করতে পারেনি বাপেক্স
বিশেষ প্রতিবেদক:
সম্প্রতি কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারিদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সেনা সদস্য নিহত হয়েছে। এরপর থেকে টেকনাফের বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালু রেখেছে সন্ত্রাসীদেও পাকড়াও করতে ।
এদিকে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার সাম্প্রতিক সময়ে একের পর এক অনাকাঙ্ক্ষিত ও স্পর্শকাতর ঘটনায় এক অস্থির ও অশান্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ কেন্দ্রিক এলাকায় উপর্যুপরি দুর্ঘটনা স্থানীয় বাসিন্দা ও আগত পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, গভীর নলকূপ খননের সময় ভূগর্ভস্থ গ্যাস থেকে একটানা আগুন এবং সর্বশেষ সৈকতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনা পুরো পর্যটন খাতের নিরাপত্তাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এরই মাঝে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান আরো প্রভাব ফেলেছে পর্যটনখাতে । সচেতন মহল মনে করছে কোন দূর্ঘটনা ঘটলে প্রশাসনের জোরদার অভিযান চোখে পড়ার মতো। কক্সবাজার অবৈধ হোটেল মোটেল হাজারের অধিক থাকলেও তা এত বছরে তেমন কোন আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি। সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার আহবান প্রশাসনের প্রতি সাধারণ মানুষের।
রিসোর্ট অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের নির্মম মৃত্যু
গত ১৭ অক্টোবর ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় অবস্থিত কাঠের তৈরি তিনতলা 'টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্ট'-এ ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। সমুদ্রের তীব্র বাতাসে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ একই পরিবারের বেশ কয়েকজন মিলিয়ে মোট ১০ জন পর্যটক জীবন্ত পুড়ে মারা যান। তদন্তে জানা যায়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীনভাবে পরিচালিত এই রিসোর্টে কোনো অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা বা জরুরি নির্গমন পথ ছিল না। এই মর্মান্তিক ঘটনার ১০ দিন পর সিআইডির ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় অবহেলাজনিত মৃত্যুর মামলা হলেও হালকা ধারায় মামলা রেকর্ড করার অপরাধে উখিয়া থানার ওসিকে তলব করেছেন আদালত।
নলকূপ থেকে গ্যাস ও আগুনের ফুলকা
রিসোর্টের আগুনের রেশ কাটতে না কাটতেই গত ২৭শে অক্টোবর সকাল সাড়ে ৭টায় ইনানীর জালিয়াপালং ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় এক বসতবাড়িতে গভীর নলকূপ বসাতে গিয়ে ঘটে আরেক বিপত্তি। প্রায় ১০০০ ফুট গভীর খননের পর হঠাৎ প্রচণ্ড শব্দে ভূগর্ভ থেকে উচ্চ চাপে দুর্গন্ধযুক্ত গ্যাস ও আগুনের ফুলকা বের হতে শুরু করে। আজ ১৪দিন পার হয়ে গেলেও এই আগুন নেভানো সম্ভব হয়নি।
ঘটনা তদন্তে ঢাকা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)-এর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করছে বলে জানা গেছে এবং গ্যাসের নমুনা সংগ্রহ করেছে। তবে দীর্ঘ ১৪ দিন পার হলেও বাপেক্স কমিটি সুনির্দিষ্ট কোনো কারণ বা স্থায়ী সমাধান বের করতে পারেনি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাটির নিচে উচ্চ চাপের ভারী হাইড্রোকার্বন গ্যাস থাকতে পারে এবং চাপ বেশি থাকায় এই মুহূর্তে জোর করে আগুন নেভানোর চেষ্টা করলে বিস্ফোরণ বা ভূমিধসের মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকি এড়াতে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় ২০০ মিটার এলাকাকে কর্ডন করে রাখা হয়েছে, যার ফলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
ইনানী সৈকতে মাদরাসাছাত্রের সলিল সমাধি
অন্যদিকে, কক্সবাজারের উত্তাল সাগরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা থামছেই না। সর্বশেষ ২৯ অক্টোবর দুপুর ১২টার দিকে ইনানী সৈকতে ঢাকার কেরানীগঞ্জের একটি মাদরাসার ১৬ জন শিক্ষার্থী গোসলে নামলে তীব্র স্রোতের টানে ভেসে যায়। বিচকর্মী ও কোস্টগার্ডের সহায়তায় তাৎক্ষণিকভাবে ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মো. শান্ত (১৫) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়। প্রায় দুই ঘণ্টা পর সাগরের উত্তর পয়েন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পর্যাপ্ত লাইফগার্ড ও নজরদারির অভাবে ঝুঁকি নিয়েই সাগরে নামছেন পর্যটকেরা। সম্প্রতি পেচারদ্বীপ সৈকতে সাগরে নেমে চার পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। এ ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে, বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা কতটা রয়েছে।
টানা ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। সবচেয়ে বেশি সমাগম সুগন্ধা পয়েন্টে। লাইফগার্ডদের হিসাবে, সেখানে সাগরে নামছেন লাখেরও বেশি পর্যটক। অথচ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র আটজন লাইফগার্ড। অর্থাৎ প্রতি ১২ হাজার ৫০০ পর্যটকের বিপরীতে দায়িত্ব পালন করছেন একজন লাইফগার্ড।
সী সেফ লাইফগার্ড সংস্থার তথ্য অনুযায়ী, গত ১২ বছরে কক্সবাজার সমুদ্রসৈকতে সাগরে নেমে ভেসে যাওয়ার সময় ১ হাজার ২০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। এ সময়ে প্রাণ হারিয়েছেন ৮৫ জন।
পর্যাপ্ত লাইফগার্ড নেই, ঝুঁকিতে পর্যটকেরা
সৈকতের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে পর্যটকদের বাড়তি চাপ রয়েছে। ভিড় রয়েছে অন্যান্য পয়েন্টেও। তবে পর্যটকদের অভিযোগ, সমুদ্রস্নানের সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়সংখ্যক লাইফগার্ড ও নিরাপত্তাকর্মী নেই। কিছু এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থাও চোখে পড়ে না।
সী সেফ লাইফগার্ড সংস্থার জ্যেষ্ঠ কর্মী আব্দুর রশীদ বলেন, বর্তমানে সুগন্ধা বিচে আটজন লাইফগার্ড দায়িত্ব পালন করছেন। প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হলেও তাঁদের তুলনায় লাইফগার্ডের সংখ্যা অনেক কম। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফগার্ডের সংখ্যা বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই অসুস্থ পর্যটকদের হাসপাতালে নিতে হয়। এ সময় নানা প্রতিকূলতা ও মানুষের বিরূপ মন্তব্যের মুখেও পড়তে হয় তাঁদের। সীমাবদ্ধতা সত্ত্বেও লাইফগার্ডরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে সরকারের এ বিষয়ে উদ্যোগ নেওয়া জরুরি।
পর্যটক রিয়াজ উদ্দিন বলেন, সমুদ্রে গোসল করতে নেমে অনেকের প্রাণহানি ঘটছে। অনেক ক্ষেত্রে নিখোঁজ ব্যক্তিদের মরদেহও উদ্ধার করা সম্ভব হয় না। তাই কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক থাকার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে।ভ্রমণ টিকিট বুক করুন
পর্যটক সোয়েব ইফতিখারের অভিযোগ, সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে পর্যাপ্ত লাইফগার্ড ও নিরাপত্তাকর্মী নেই। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে পর্যটকদের নিরাপত্তা দেওয়া সহজ হতো। এ জন্য প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন।
পর্যটক হারুন অর রশিদ বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কক্সবাজারে বেড়াতে আসেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সৈকতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি লাইফগার্ডের সংখ্যা বাড়ানো জরুরি।
পেচারদ্বীপে পাঁচ জনের মৃত্যু
এদিকে পেচারদ্বীপ সৈকতে সাগরে নেমে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। সী সেফ লাইফগার্ড সংস্থার প্রকল্প কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, কক্সবাজার সমুদ্রসৈকত থেকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে হিমছড়ি পয়েন্টে দুই দলের কয়েকজন পর্যটক সাগরে গোসল করতে নেমে স্রোতে ভেসে যান। তাঁদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া বৃহস্পতিবার সকালে ও সন্ধ্যা ৬টায় নিখোঁজ বাকি দুইজনকে উদ্ধার করা হয়।
পর্যটকদের সাগরে নামার আগে লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন মো. ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, যে স্থানে গোসল করতে নামবেন, সেখানে লাইফগার্ডের নিরাপত্তাসেবা রয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে। যেখানে এ সেবা নেই, সেখানে কোনোভাবেই সাগরে নামা উচিত নয়।
নিরাপত্তা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতজুড়ে লাইফগার্ডের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
হোটেল কক্স-টুডের মহাব্যবস্থাপক আবু তালেব শাহ বলেন, পর্যটকেরা মূলত সমুদ্রসৈকত উপভোগ করতেই কক্সবাজারে আসেন। তাই শৈবাল পয়েন্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত পুরো সৈকত এলাকায় লাইফগার্ডের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। এ ক্ষেত্রে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সৈকতে নিরাপত্তাবেষ্টনী ও প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা কার্যকর করতে হবে। তিনি আরও বলেন, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকলে পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়, যা তাঁদের ভ্রমণের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে। এতে কক্সবাজারের পর্যটনশিল্প সম্পর্কেও বিরূপ ধারণা তৈরি হতে পারে। তাই পর্যটকদের নির্বিঘ্নে সৈকত উপভোগের সুযোগ করে দিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফগার্ডের সংখ্যা বাড়ানো, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার এবং সমুদ্রে নামার ক্ষেত্রে কার্যকর সতর্কতাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পর্যটক ও ব্যবসায়ীরা। তাঁদের মতে, শুধু দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালানো নয়, দুর্ঘটনা প্রতিরোধে আগাম নিরাপত্তাব্যবস্থা জোরদার করাও জরুরি।
বিচ ম্যানেজমেন্ট কমিটির উপর ক্ষোভ
কক্সবাজারের সমুদ্র সৈকতগুলো রক্ষণাবেক্ষণ এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য জেলা প্রশাসনের অধীনে একটি শক্তিশালী 'বিচ ম্যানেজমেন্ট কমিটি' রয়েছে। তবে সাধারণ মানুষ ও পর্যটকদের অভিযোগ, কাগজের কলমে বা সভা-সেমিনারে কমিটি সক্রিয় থাকলেও বাস্তবে তাদের কোনো কার্যকর পদক্ষেপ নজরে আসছে না। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত লাইফগার্ড ও নিরাপত্তা সতর্কবার্তা না থাকা এবং অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ কটেজ-রিসোর্ট ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠার পেছনে কমিটির নজরদারির অভাবকে দায়ী করছেন স্থানীয়রা। সাধারণ মানুষের দাবি, এই প্রভাবশালী কমিটির চরম উদাসীনতার কারণেই একের পর এক পর্যটকের প্রাণ যাচ্ছে এবং পর্যটন নগরী আজ অশান্ত হয়ে উঠেছে।
কক্সবাজার জেলা প্রশাসক আঃ মান্নান জানান, সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটেছে জেলা প্রশাসন তা দেখছে । একজন মাদ্রসার ছাত্র মারা গেছে সৈকতে তা জানতে পেরেছি। বর্তমানে ৩টি জায়গায় লাইফ গার্ড কাজ করছে। আমাদের পর্যাপ্ত লাইফ গার্ড না থাকার কারণে সব জায়গা তদারকি করতে পারছি না। জেলা প্রশাসন থেকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে আসা করা যায় এটি সমাধান হবে। অন্যদিকে ইনানীতে মাটিতে আগুণের ফুলকার বিষয়ে কাজ করছে বাপেক্স আমরা তদারকি করছি ।
উদ্বেগজনক এই পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে সৈকত এলাকার নিরাপত্তা জোরদার করা, বাপেক্স কর্তৃক দ্রুত গ্যাস ফিল্ডের রহস্য উন্মোচন করা এবং অবৈধ হোটেল-রিসোর্টের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
