
নাফ নদীতে বিজিবির সাঁড়াশি অভিযান: ৩ কোটি ৩০ লাখ টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে এক সফল অভিযান চালিয়ে ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই বিশেষ অভিযানটি চালানো হয়।
প্রযুক্তির সাহায্যে মাঝনদীতে ধাওয়া বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৩০ মিনিটে বিজিবির বিশেষ দল অত্যাধুনিক ফ্যান্টম বোট নিয়ে নাফ নদীতে অবস্থান নেয়। রাত ৩টার দিকে নাইট ভিশন ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে মিয়ানমার সীমান্ত থেকে একটি নৌকা বাংলাদেশে ঢুকতে দেখা যায়।
বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে নদী থেকে দুইজনকে ধরে ফেললেও, অন্ধকারের সুযোগ নিয়ে অপর একজন সাঁতরে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।
আটককৃতদের নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবির ফ্যান্টম বোটের সাথে ধাক্কা লেগে চোরাকারবারিদের নৌকাটি ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে ঘটনস্থলেই নদীগর্ভে অর্ধনিমজ্জিত হয়ে যায়।
আটককৃতরা হলেন জুস মোহাম্মদ (৩০)মোহাম্মদ ইলিয়াস (৩৭) তারা দুজনেই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা (এফডিএমএন) ক্যাম্পের বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক,চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।
আটককৃত আসামি এবং জব্দকৃত ইয়াবাসহ সব মালামাল আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
