
মহেশখালীতে উদ্ধার দুই শ্রীলঙ্কান নাগরিককে ঢাকার সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ

মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার সাগর থেকে উদ্ধার হওয়া দুই শ্রীলঙ্কান নাগরিককে নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
২৭ ই জুলাই (সোমবার) মহেশখালী আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন এ আদেশ দেন। আদালতের আদেশে উদ্ধার হওয়া দুই শ্রীলঙ্কান নাগরিককে নিরাপদ হেফাজতে রাখার দায়িত্ব মহেশখালী উপজেলা সমাজসেবা কার্যালয়কে দেওয়া হয়। তবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আদালতে লিখিতভাবে জানান, কক্সবাজার জেলায় কোনো সরকারি আশ্রয়কেন্দ্র নেই। সরকারি আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয় ঢাকার মিরপুর-১ এ অবস্থিত।
এ পরিপ্রেক্ষিতে উদ্ধার হওয়া দুই শ্রীলঙ্কান নাগরিককে ঢাকার মিরপুর-১ সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একই সঙ্গে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ২৫ জুলাই মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের জেলে জিয়াউর রহমান বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি বিকল ও ভাসমান মাছ ধরার নৌকা দেখতে পান। নৌকাটির কাছে গিয়ে তারা শ্রীলঙ্কার দুই নাগরিক—Saunda Hannadige Chaminda (৫১) এবং Saunda Hannadige Piyasena-কে উদ্ধার করেন। পরে তাদের নৌকাসহ কুতুবজোমে নিয়ে আসা হলে মহেশখালী থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।
এ ঘটনায় মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর ১১২০, তারিখ ২৫ জুলাই ২০২৬।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
