advertisement

মহেশখালীতে বিদ্যুৎ ও শিল্প হাব, পরোক্ষ কর্মসংস্থান হবে ২৫ লাখ মানুষের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৬, ০৮:৪৩

মহেশখালীতে বিদ্যুৎ ও শিল্প হাব, পরোক্ষ কর্মসংস্থান হবে ২৫ লাখ মানুষের
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীকে আন্তর্জাতিক মানের বিদ্যুৎ, শিল্প ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৯ সালের মধ্যে এ অঞ্চলকে আন্তর্জাতিক শিল্প-বাণিজ্য কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রায় ২৫ লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বছরে প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহেশখালীকে জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ৪ নভেম্বর পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাপরিকল্পনা বাস্তবায়নের ফলে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষের প্রত্যক্ষ এবং প্রায় ২৫ লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ ছাড়া লজিস্টিকস ব্যয় প্রায় ৪ বিলিয়ন ডলার কমবে। পণ্য পরিবহনে সময় সাশ্রয়ের ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। শিল্প ও ম্যানুফ্যাকচারিং খাতে আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম বৈচিত্র্য আনার মাধ্যমে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে (বিওপি) ১৬ থেকে ১৮ বিলিয়ন ডলার সাশ্রয়ের প্রত্যাশা করা হচ্ছে।

featured banner

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে মহেশখালী অঞ্চলকে আন্তর্জাতিক মানের শিল্প-বাণিজ্য কেন্দ্রে পরিণত করতে একগুচ্ছ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও সংযোগ সড়ক নির্মাণ, কোল পাওয়ার ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿

মহেশখালীতে বিদ্যুৎ ও

জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ও চতুর্থ ইউনিট নির্মাণ, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল এবং স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ।

এ ছাড়া এলপিজি স্টোরেজ ও টার্মিনাল নির্মাণ, ধলঘাটা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, ফিশারিজ হারবার ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যালয় নির্মাণ এবং ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) চালু করার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।

সভায় মিডার সদস্য (প্রশাসন ও অর্থ) মো. সারোয়ার আলম একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মহাপরিকল্পনার প্রেক্ষাপট, লক্ষ্য ও বাস্তবায়ন রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে প্রায় ৫ বিলিয়ন ডলারের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগসহ মোট ৬০ থেকে ৬৫ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য রয়েছে। এ জন্য ‘মিডটার্ম সার্ভে অ্যান্ড ইকোনমিক অ্যাসেসমেন্ট’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদন তৈরি করা হবে।

মহেশখালীকে জ্বালানি হাব হিসেবে গড়ে তুলতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে একাধিক প্রকল্প নেওয়া হচ্ছে। তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের অগ্রগতি সম্পর্কে পেট্রোবাংলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় জানান, প্রকল্পটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন। দ্রুত অনুমোদন নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রতিনিধি জানান, মিডার আওতাধীন প্রায় ৫১ একর জমিতে ১৫০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি এলপিজি প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে বছরে প্রায় ২০ লাখ মেট্রিক টন এলপিজি হ্যান্ডলিংয়ের সক্ষমতা তৈরি হবে।

বিদ্যুৎ বিভাগ জানায়, ৭০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার জন্য পাঠানো হয়েছে। প্রকল্পটির অর্থায়নে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে নিশ্চয়তা পাওয়া গেছে।

অন্যদিকে, জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে সিপিজিসিবিএলের ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু রয়েছে। আরও ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার তৃতীয় ও চতুর্থ ইউনিট নির্মাণের প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ের যাচাই-বাছাই কমিটিতে সুপারিশ পেয়েছে। প্রকল্পের সরকারি অর্থায়নের বিষয়টি অর্থ বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০৪০ সালের মধ্যে এ অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৬৬০ মেগাওয়াট এবং ২০৫০ সালের মধ্যে ৬ হাজার ৬০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৮ হাজার ২১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং থেকে অপরিশোধিত জ্বালানি তেল ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহের মাধ্যমে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য রয়েছে। প্রকল্পটি শেষ হয়েছে। অপারেটর নিয়োগের মাধ্যমে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি চালুর পরিকল্পনা রয়েছে।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের প্রথম পর্যায়ে ব্রেকওয়াটার, প্রবেশ চ্যানেল, বেসিন ও কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ চলছে। প্রকল্পের সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অংশে পোর্ট অ্যাকসেস রোড নির্মাণের অগ্রগতিও সন্তোষজনক।

জাতীয় মহাসড়ক এন-১-এর সঙ্গে বন্দরের সংযোগ স্থাপনে ২৭ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হবে বলে সভায় জানানো হয়।

শিল্পায়ন ও স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১ হাজার ২৪০ একর জমিতে প্রায় ১ হাজার ১৯৫ কোটি টাকা ব্যয়ে ধলঘাটা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এ প্রকল্প বাস্তবায়ন করছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে ধীরগতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।

প্রকল্প এলাকায় তিনটি বেসরকারি বিনিয়োগকারীর অনুকূলে বরাদ্দ করা ৫৭০ একর জমির উন্নয়নকাজের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

তিনি অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়ক, গ্যাস ও বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, পানি উন্নয়ন বোর্ডের অনাপত্তি গ্রহণ এবং প্রকল্প সংশোধনের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন। পাশাপাশি মাতারবাড়ীতে আন্তর্জাতিক মানের ড্রাইডক বা জাহাজ মেরামত অবকাঠামো নির্মাণের কাজও দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান।

স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও চ্যানেল ড্রেজিংয়ের বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী নৌপরিবহন প্রতিমন্ত্রীর সহযোগিতা চান। জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী দ্রুত ড্রেজিংয়ের কাজ সম্পন্ন করার আশ্বাস দেন।

সভায় মহেশখালীতে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং বাস্তবায়নসংক্রান্ত সমস্যা সমাধানে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনে পরিকল্পনা ও নৌপরিবহন প্রতিমন্ত্রী, মিডার নির্বাহী চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা মহেশখালী এলাকা সরেজমিন পরিদর্শন করবেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মিডা।

এলএনজি টার্মিনাল নির্মাণে দ্রুত ভূমি অধিগ্রহণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) লেনদেন পরামর্শক নিয়োগের কাজ শেষ করবে নৌপরিবহন মন্ত্রণালয়। টার্মিনালের একটি জেটির জন্য চ্যানেল ড্রেজিংয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ কাজের অর্থায়ন, ব্যয় ভাগাভাগি ও ঋণের কিস্তি পরিশোধের বিষয়ে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া হবে।

ধলঘাটা অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়ক, গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনাপত্তি গ্রহণ ও সমন্বয়ের কাজ দ্রুত শেষ করবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রকল্পের সংশোধিত প্রস্তাব প্রক্রিয়াধীন থাকা অবস্থায় সওজ সংযোগ সড়কের নকশা তৈরির কাজ শুরু করবে। সংশোধিত প্রকল্প প্রস্তাবে এ কাজের সম্ভাব্য ব্যয়ও অন্তর্ভুক্ত রাখতে হবে।

এ ছাড়া মিডার আওতাধীন চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, ভূমি অধিগ্রহণ ও হস্তান্তরসংক্রান্ত সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করা হবে। এসব আলোচনার ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সরকারের প্রত্যাশা, পরিকল্পিত অবকাঠামো ও জ্বালানি সুবিধা নিশ্চিত করা গেলে মহেশখালী শুধু দেশের জ্বালানি চাহিদা পূরণেই ভূমিকা রাখবে না, বরং আন্তর্জাতিক শিল্প-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে।

মহাপরিকল্পনা প্রসঙ্গে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সদস্য (অতিরিক্ত সচিব) মো. সারোয়ার আলম জাগো নিউজকে বলেন, ‘মহেশখালীতে বিদ্যুৎ-শিল্প নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই জন্য একগুচ্ছ প্রকল্প নেওয়া হয়েছে। সামনে আরও অনেক প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) তৈরি করা হচ্ছে। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হলে সরাসরি দেড় লাখ কর্মসংস্থানের পাশাপাশি পরোক্ষ ২৫ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এই হাবের মাধ্যমে ৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক বিনিয়োগ আসবে। পাশাপাশি হাবের মাধ্যমে জিডিপিতে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বাড়তি যোগ হবে বলে প্রত্যাশা করছি।’

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
ডুবুরি সংকটে কক্সবাজার: সাগর ও নদীতে নিখোঁজদের উদ্ধারে ভরসা চট্টগ্রাম

ডুবুরি সংকটে কক্সবাজার: সাগর ও নদীতে নিখোঁজদের উদ্ধারে ভরসা চট্টগ্রাম

আগুন নিভেছে ইনানীর গ্যাসকূপে, চলছে আরও এক হাজার ফুট খননের প্রস্তুতি

আগুন নিভেছে ইনানীর গ্যাসকূপে, চলছে আরও এক হাজার ফুট খননের প্রস্তুতি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সাত স্থানে উড়াল সড়কের পরিকল্পনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সাত স্থানে উড়াল সড়কের পরিকল্পনা

পর্যটক শুণ্য সৈকত, মন্দা পর্যটন ব্যবসা

পর্যটক শুণ্য সৈকত, মন্দা পর্যটন ব্যবসা

উখিয়ার ইনানীতে ৩০ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, চূড়ান্ত অভিযানে বাপেক্স

উখিয়ার ইনানীতে ৩০ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, চূড়ান্ত অভিযানে বাপেক্স

কলাতলীতে ৫০টি সিটের দায়িত্ব এক কর্মকর্তার হাতে; তসদিক ঘিরে ভোগান্তি ও তদন্তের দাবি

কলাতলীতে ৫০টি সিটের দায়িত্ব এক কর্মকর্তার হাতে; তসদিক ঘিরে ভোগান্তি ও তদন্তের দাবি

সর্বশেষ সংবাদ