advertisement

আইনের ফাঁক গলে বাল্যবিয়ে

কক্সবাজার ৭১ ডেস্ক

কক্সবাজার ৭১ ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৮:৩৯

আইনের ফাঁক গলে বাল্যবিয়ে
ছবি: সংগৃহীত

বাল্যবিয়ে রোধে সংশ্লিষ্ট আইনের দুর্বলতা ও জন্মনিবন্ধনে পরিবর্তন অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক অভিভাবক জন্মনিবন্ধনে তারিখ ঠিক রেখে সন্তানের জন্মসাল পরিবর্তন করে প্রাপ্তবয়স্ক দেখিয়ে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন। আবার ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’-এর দুর্বলতার সুযোগে আইনের ফাঁক পেরিয়ে কেউ কেউ সন্তানের বাল্যবিয়ে দিয়ে দিচ্ছেন। আর এ কারণে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে বাল্যবিয়ের হার সর্বোচ্চ। চলতি বছরের অক্টোবরে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রকাশিত ‘বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সংস্কারের লক্ষ্যে পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের বিয়ের হার ২০১৯ সালের ৫১ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৪৭ দশমিক ২ শতাংশে নেমেছে। তবে হার কমলেও দেশে বর্তমানে ৪ কোটি ১৬ লাখ বাল্যবধূ রয়েছে, যাদের মধ্যে ২ কোটি ২৩ লাখ মেয়ের বিয়ে হয়েছে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই। প্রতিবেদন অনুযায়ী, দারিদ্র্য, ক্ষতিকর সামাজিক ও জেন্ডারভিত্তিক রীতিনীতি, মানসম্মত শিক্ষার অভাব, কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাল্যবিয়ের পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে। সম্প্রতি জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ও বাস্তুচ্যুতি এ সংকট আরও বাড়িয়ে তুলেছে। এর ফলে কন্যাশিশুদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে এবং কম বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ায় তাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ বিপদের মুখে পড়ছে।

মানবাধিকারকর্মী অ্যাডভোকেট এলিনা খান বলেন, ‘অনেকে জন্মনিবন্ধনে শুধু তারিখ ঠিক রেখে সন্তানের জন্মসাল বদলে দিয়ে বিয়ে দিচ্ছেন। এটি ঠেকাতে হাসপাতালে জন্ম নেওয়া শিশুর সঙ্গে সঙ্গেই নাম নিবন্ধন বাধ্যতামূলক করা এবং বাড়িতে জন্ম হলে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান ও কাউন্সিলরের মাধ্যমে বাধ্যতামূলক জন্মনিবন্ধন নিশ্চিত করতে হবে।’ পাশাপাশি কেউ জাল সনদ দিয়ে কন্যাশিশুর বিয়ে দেওয়ার চেষ্টা করলে যে কাজি বিয়ে পড়াবেন, তাঁকে কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি।

featured banner

বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যে দেখা যায়, চলতি বছরের ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) চারজন মেয়েকে বাল্যবিয়ে দেওয়া হয়েছে এবং ২৫ জনকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এর আগে ২০২৫ সালে আটজনকে বাল্যবিয়ে দেওয়া এবং ১৭ জনকে দেওয়ার চেষ্টা করার তথ্য পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে আজ জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত আন্তর্জাতিক বাল্যবিয়ে ও জোরপূর্বক বিয়ে নির্মূল দিবস পালিত হচ্ছে, যার এ বছরের প্রতিপাদ্য ‘২০৩০ সালের মধ্যে বাল্যবিয়ে বন্ধে প্রতিশ্রুতি রক্ষা ও কার্যক্রম জোরদার করা।’

বিশেষজ্ঞরা জানান, প্রত্যন্ত অঞ্চলে ১২ এবং শহরাঞ্চলে ১৪ থেকে ১৬ বছর বয়সেই মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে; বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোয় বাল্যবিয়ের হার বেশি। দরিদ্রতা ও নিরাপত্তাহীনতার পাশাপাশি বর্তমানে সামাজিক অভ্যাসের কারণেও কম বয়সে বিয়ে দেওয়া হচ্ছে। এমনকি শিক্ষিত ও সচ্ছল পরিবারেও পরিচিত বা আশপাশের পরিবারে বাল্যবিয়ে দেখে নিজের মেয়েকে কম বয়সে বিয়ে দেওয়ার ঘটনা ঘটছে।

গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার মতে, জন্মনিবন্ধন শিশুর বয়সের নির্ভরযোগ্য প্রমাণ হওয়ায় বিয়ের সময় বয়স যাচাই, ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিয়ের চেষ্টা প্রতিরোধ এবং ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্ত করা সহজ হয়। কিন্তু দেশের প্রায় অর্ধেক মানুষ এখনো জন্মনিবন্ধনের বাইরে রয়ে গেছে। এর সঙ্গে বিদ্যমান বাল্যবিয়ে আইনের সীমাবদ্ধতাও বাল্যবিয়ে রোধে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

নারী নেত্রীরা বলছেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’-এর ১৯ ধারার বিশেষ বিধান প্রধান দুর্বলতা হিসেবে কাজ করছে। এ বিধান অনুযায়ী “বিশেষ প্রেক্ষাপটে” অপ্রাপ্তবয়স্কদের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ ও বাবা-মার সম্মতিতে বিয়ে হলে তা অপরাধ হিসেবে গণ্য হয় না।’ ধর্ষণ, অনাকাক্সিক্ষত গর্ভধারণ বা সামাজিক চাপের অজুহাতে এ ধারার অপব্যবহারের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তাঁরা।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের

মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের

সিলেট থেকে কক্সবাজারে আনা হলো শাওন আরমানসহ চারজন, কারাগারে পাঠানোর নির্দেশ

সিলেট থেকে কক্সবাজারে আনা হলো শাওন আরমানসহ চারজন, কারাগারে পাঠানোর নির্দেশ

মাসলকগত বিভাজন পরিহার করে আহলে সুন্নাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে

মাসলকগত বিভাজন পরিহার করে আহলে সুন্নাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে

ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট

ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট

ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তি নিয়ে সীমান্তে হাজির বিজিবি

ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তি নিয়ে সীমান্তে হাজির বিজিবি

আইসিজে’র গণহত্যার রায়ে রোহিঙ্গা শিবিরে নতুন আশা, তবে মূল দাবি বিচার ও নিরাপদ প্রত্যাবাসন

আইসিজে’র গণহত্যার রায়ে রোহিঙ্গা শিবিরে নতুন আশা, তবে মূল দাবি বিচার ও নিরাপদ প্রত্যাবাসন

সর্বশেষ সংবাদ