
আইসিজে’র গণহত্যার রায়ে রোহিঙ্গা শিবিরে নতুন আশা, তবে মূল দাবি বিচার ও নিরাপদ প্রত্যাবাসন

প্রায় নয় বছর ধরে নিজ জন্মভূমি থেকে বিচ্ছিন্ন রোহিঙ্গাদের জীবনে অনিশ্চয়তা ও দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে কি না-সেই প্রশ্ন এখন উখিয়া-টেকনাফের আশ্রয়শিবিরে। সাত বছরের আইনি লড়াই শেষে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে নতুন করে রাখাইনে ফেরার স্বপ্ন দেখছেন ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গারা। নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করেই তারা নিজ মাতৃভূমিতে ফিরতে চান।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতনের অভিযোগে গাম্বিয়ার করা মামলায় দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত রায় ঘোষণা করেন। আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি রায় পড়ে শোনান এবং ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায়ে মিয়ানমারকে দায়ী করেন। রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার প্রমাণ, ব্যাপক যৌন সহিংসতা ও পরিকল্পিত হত্যাযজ্ঞের বিষয় উঠে আসে। সংশ্লিষ্টরা এই রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের লড়াইয়ে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন।
রায় ঘোষণার পরদিন শুক্রবার (২০ নভেম্বর) উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿

আইসিজে’র গণহত্যার রায়ে
আশ্রয়শিবিরের ফুটবল মাঠে আয়োজিত বিশাল সমাবেশে উপস্থিত হন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিপুলসংখ্যক রোহিঙ্গার সামনে তিনি বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মাধ্যমে একটি দেশকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি একটি যুগান্তকারী রায়। এ ধরনের রায় আগে কখনো হয়নি। এই রায় প্রতিপালিত না হলে বিদ্যমান আন্তর্জাতিক বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে।’
ড. খলিলুর রহমান আরও বলেন, ‘মিয়ানমারকে অবশ্যই নিশ্চিত করতে হবে, রোহিঙ্গাদের প্রতি এমন আচরণের পুনরাবৃত্তি আর কখনো হবে না। আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় বাস্তবায়নে মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করবে জাতিসংঘ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে রায় বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদারে উদ্যোগ নেওয়া হবে।’
পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে রোহিঙ্গাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের বিশ্বাস, আদালতের রায় এবং জাতিসংঘের উচ্চপর্যায়ের উদ্যোগ মিয়ানমারের ওপর চাপ বাড়াবে ও দীর্ঘদিন ঝুলে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আসবে।
চার নম্বর আশ্রয়শিবিরের বাসিন্দা মাওলানা আলী আহমদ বলেন, ‘মিয়ানমারে যাওয়ার স্বপ্ন প্রায় ভুলেই গিয়েছিলাম। মনে করেছিলাম, হয়তো এখানেই জীবনের শেষ দিন কাটাতে হবে। কিন্তু আন্তর্জাতিক আদালতের রায় আর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দৃঢ? প্রত্যয় দেখে আবার আশার আলো জেগেছে। মনে হচ্ছে, নিজের বসতভিটায় ফিরতে পারব।’
১২ নম্বর আশ্রয়শিবিরের বাসিন্দা আব্দুর রহমান জানান, ‘চার সন্তান নিয়ে বাংলাদেশে এসেছিলাম। এখন ছয় সন্তানের বাবা হয়েছি। এত বছর পর আবার নিজের দেশে ফেরার স্বপ্ন দেখছি। আশা করছি, খুব দ্রুত ছয় সন্তানকে নিয়ে নিজের ঘরে ফিরতে পারব।’ একই শিবিরের বাসিন্দা ও সাবেক শিক্ষক মাওলানা মুজাহের আহমদ বলেন, ‘মিয়ানমারে শিক্ষকতা করতাম। নিজের দেশ ছেড়ে বাংলাদেশে এসে সবকিছু হারিয়েছি। আবার স্বপ্ন দেখছি নিজের দেশে ফেরার। তবে আমাদের নিরাপদে দেশে ফেরার জন্য বিশ্ববাসীকে সহযোগিতা করতে হবে। জানি না, আমাদের মতো মজলুম মানুষের পাশে বিশ্ববাসী কতটা এগিয়ে আসবে।’
আদালতের এই রায় রোহিঙ্গাদের বিভিন্ন প্রজন্মের কাছে ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে এসেছে। ২০১৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে আসা ৭০ বছর বয়সী আব্দুল আমিন ও ৬৫ বছর বয়সী আবদুস সালামের কাছে এটি কেবল আইনি সিদ্ধান্ত নয়; বরং হারিয়ে যাওয়া স্বজন, ফেলে আসা বাড়িঘর এবং শৈশব-যৌবনের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা দীর্ঘ অপেক্ষার একটি অধ্যায়। একই শিবিরের ৬০ বছর বয়সী ছৈয়দ কসিম সাড়ে ছয় বছর বয়সী নাতি একরামুল্লাহকে পাশে নিয়ে পর্দায় রায় প্রচার শুনছিলেন। তার কাছে এটি অতীতের হত্যাযজ্ঞের বিচারের প্রত্যাশার পাশাপাশি পরবর্তী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের আশাও।
অন্যদিকে তরুণ প্রজন্মের কাছে এই রায় নিজের পরিচয় ও জন্মভূমি ফিরে পাওয়ার স্বপ্ন। ১৫ নম্বর আশ্রয়শিবিরের ১৭ বছর বয়সী মোহাম্মদ আমিন বলেন, ‘মিয়ানমারের মংডুর নলবনিয়া এলাকায় গণহত্যার বিষয়টি প্রমাণিত হলে আমরা নিজেদের দেশে ফিরে যেতে চাই। আমরা অন্যের দেশে শরণার্থী হয়ে থাকতে চাই না। নিজেদের জন্মভূমিতে নিরাপদে বসবাস করতে চাই।’ ১৪ নম্বর আশ্রয়শিবিরের ১৯ বছর বয়সী মোহাম্মদ ইউসুফও প্রত্যাশা করেন, আন্তর্জাতিক আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিরাপত্তা ও নিজ দেশে ফেরার পথ তৈরি হবে।
রোহিঙ্গাদের কাছে আইসিজে’র রায় বড় অর্জন হলেও শুধু গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতিতেই সন্তুষ্ট নন ভুক্তভোগীরা; হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করার দাবি তাদের। ২০১৭ সালে মংডু থেকে পালিয়ে আসা ৫৪ বছর বয়সী আবু ছৈয়দ বলেন, ‘নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতিতেই যেন বিচারপ্রক্রিয়া শেষ না হয়; একদিন হত্যাকারীদেরও বিচারের মুখোমুখি করা হয়।’
রোহিঙ্গা নাগরিকদের সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘এই রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, নির্যাতন ও নিপীড়নের বিষয়গুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এটি গুরুত্বপূর্ণ অর্জন। রায় পেয়ে আমরা খুশি। তবে যারা গণহত্যা চালিয়েছে, তাদের এখনো বিচারের মুখোমুখি করা যায়নি। এ জায়গায় আমাদের হতাশা রয়ে গেছে।’ তিনি অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নিতে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির দাবি জানান। পাশাপাশি মামলাটি আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সহযোগিতা করায় বাংলাদেশ সরকার, জনগণ, সংশ্লিষ্ট অংশীজন ও জাতিসংঘের দপ্তরগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রোহিঙ্গা নেতা মোহাম্মদ রফিকও মনে করেন, অপরাধীদের বিচার নিশ্চিত না হলে রায়ের পূর্ণাঙ্গ তাৎপর্য পাওয়া যাবে না। তাঁর ভাষায়, ‘গণহত্যার বিচার না হলে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হবে না। আমরা শুধু রায়ের স্বীকৃতি চাই না, যারা আমাদের স্বজনদের হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং দেশ ছাড়তে বাধ্য করেছে, তাদের শাস্তি চাই।’
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশ সরকার সব সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে। রোহিঙ্গারা যাতে নিজের দেশে সম্মানের সঙ্গে মর্যাদা নিয়ে ফিরে যেতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার।’ এ কাজে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করে তিনি বলেন, বাংলাদেশের পাশে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে এলে খুব দ্রুত প্রত্যাবাসন সম্ভব হবে।
উল্লেখ্য, ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ (‘জেনোসাইড কনভেনশন’) লঙ্ঘনের অভিযোগে এবং এর ৯ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে’তে মামলা করে গাম্বিয়া। মামলায় নির্যাতন বন্ধে জরুরি নির্দেশ, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন অপরাধ না ঘটার নিশ্চয়তা চাওয়া হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৯ নভেম্বর ২০২৬ আদালত মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করার পাশাপাশি সন্দেহভাজনদের তদন্ত, প্রয়োজন হলে বিচার ও শাস্তি, ভবিষ্যতে অপরাধ বন্ধের নিশ্চয়তা, ক্ষতিপূরণ এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নির্দেশ দেন।
আইসিজে’র রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক হলেও আদালত ব্যক্তিবিশেষের ফৌজদারি বিচার করে না; এতে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় নির্ধারিত হয়েছে। ফলে দায়ী ব্যক্তিদের জবাবদিহি এবং নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা, নিরাপত্তা, সম্পত্তির অধিকার ও মর্যাদার নিশ্চয়তা দিয়ে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের দমন-নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
