
সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর

সংবাদ বিজ্ঞপ্তি
প্রতিনিধি ও মফস্বল সাংবাদিকরা বিপদে পড়লে সম্পাদকদের নীরব থাকা কোনোভাবেই কর্তব্যের মধ্যে পড়ে না-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এই প্রথা ভেঙে সাংবাদিকদের যেকোনো সংকটে সম্পাদকদেরই সবার আগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার বা প্রকাশ না করার ব্যাপারে সাংবাদিকদের সতর্ক করেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দৈনিক *অগ্রযাত্রা প্রতিদিন*-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আহমেদ আবু জাফর বলেন, ‘মফস্বলের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা নানাভাবে হামলা, মামলা ও হুমকির শিকার হন। অথচ বিপদের মুহূর্তে তারা একা হয়ে পড়েন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেখা যায়, প্রতিনিধিদের বিপদে অধিকাংশ সম্পাদক কিছুদিন নীরব থেকে সেখানে নতুন প্রতিনিধি নিয়োগ দেন। এতে ওই সাংবাদিকরা আরও বিপদগ্রস্ত হয়ে পড়েন। সম্পাদকদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।’
সম্পাদকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সম্পাদক মানেই শুধু সংবাদ ছাপা নয়, সম্পাদক হলেন সাংবাদিকদের অভিভাবক। কর্মীর বিপদে পাশে দাঁড়ানোই তার প্রধান কর্তব্য। আইনি সহায়তা দেওয়া, প্রশাসনের সঙ্গে কথা বলা এবং সাংগঠনিকভাবে এগিয়ে আসাÍসবকিছুই সম্পাদককে করতে হবে। ঐক্য ছাড়া মফস্বলের কোনো সাংবাদিক নিরাপদ থাকবেন না। তাই সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসা এখন সময়ের দাবি।’
*অগ্রযাত্রা প্রতিদিন*-এর সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, *দৈনিক সকালের সময়*-এর সম্পাদক নুর হাকিম এবং জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ ও মির্জা আরাফাত আব্বাস।
অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
