advertisement

সেন্টমার্টিন রুটে নুনিয়াছড়া ঘাটের বিকল্প খুরুশকুল জেটি: চালুর আগে নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতির তাগিদ

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ০৫, ২০২৬, ০৮:৪২

সেন্টমার্টিন রুটে নুনিয়াছড়া ঘাটের বিকল্প খুরুশকুল জেটি: চালুর আগে নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতির তাগিদ
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

সেন্ট মার্টিনে পর্যটক পরিবহনের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটের বিকল্প হিসেবে খুরুশকুলে নির্মিত নতুন জেটি চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে জেটির সিঁড়িতে রেলিং না থাকা, যাতায়াত সড়কের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব চূড়ান্ত না হওয়ায় এখনই এটি চালু করা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুরুশকুলের মহেশখালী চ্যানেলে নির্মিত এই নতুন জেটি চালুর মাধ্যমে জোয়ার-ভাটার কারণে জাহাজ চলাচলে দীর্ঘদিনের বাধা যেমন কমবে, তেমনি পর্যটকদের যাতায়াতও অনেক সহজ হবে। তবে দাপ্তরিক ও নিরাপত্তার কিছু বিষয় সমাধান সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

featured banner

এতদিন সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকেই চলাচল করে আসছে। তবে বিআইডব্লিউটিএর প্রকৌশলী গোলাম রব্বানীর দেওয়া তথ্য অনুযায়ী, নুনিয়াছড়া জেটিতে জোয়ারের সময় পানির গভীরতা প্রায় ৬ মিটার হলেও ভাটার সময় তা কমে ৪ মিটারে নেমে আসে। অথচ নিরাপদ জাহাজ চলাচলের জন্য অন্তত ৫ মিটার গভীরতা প্রয়োজন, যার ফলে ভাটার সময় সেখান থেকে জাহাজ ছাড়তে সমস্যায় পড়তে হয়। এছাড়া জায়গা কম থাকায় সেখানে একসঙ্গে ৩ হাজার ৫০০ পর্যটক ও ৮-১০টি জাহাজের চাপ সামলানো অত্যন্ত কষ্টকর।

পক্ষান্তরে, খুরুশকুলের নতুন জেটিতে জোয়ারের সময় পানির গভীরতা ৮ মিটার এবং ভাটার সময় ৬ মিটার থাকে। ফলে ভাটার সময়ও নির্বিঘ্নে জাহাজ চলাচলের পর্যাপ্ত গভীরতা রয়েছে এখানে।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের বাস্তবায়নে নির্মিত এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ৫২ কোটি টাকা। বিআইডব্লিউটিএর প্রকৌশলী গোলাম রব্বানী জানান, প্রকল্পের প্রায় ৯০ থেকে ৯৯ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে কিছু ফিনিশিং কাজ, বিদ্যুৎ ও সোলার লাইট স্থাপন এবং রেলিংয়ের কাজ বাকি রয়েছে।

খুরুশকুল নতুন জেটির কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও কিছু নিরাপত্তাগত ত্রুটি নিয়ে উদ্বেগ রয়েছে। বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগ ও কক্সবাজার নদীবন্দরের উপপরিচালক নয়ন শীল জানান, জেটির সিঁড়িতে রেলিং না থাকায় যাত্রী সাগরে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, *"সিঁড়িতে রেলিং দেওয়া হয়নি। যাত্রী সাগরে পড়ে গেলে সমস্যা হতে পারে। এসব বিষয় আগামীকালের মিটিংয়ে তোলা হবে।"*

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সম্ভাব্য উদ্বোধনের তারিখ হিসেবে নভেম্বরের মাঝামাঝির গুঞ্জন শোনা গেলেও তা এখনো নিশ্চিত নয় বলে জানান এই কর্মকর্তা।

নতুন এই জেটিতে পৌঁছাতে হলে পর্যটকদের ‘আশ্রয়ণ প্রকল্প’ এলাকার ভেতর দিয়ে যাতায়াত করতে হবে। ফলে যাতায়াতের পথে পর্যটকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা জানান, জেটি ও জাহাজে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলে ট্যুরিস্ট পুলিশ তা পালন করতে পারবে। তবে রাস্তার নিরাপত্তার দায়িত্ব জেলা পুলিশের উল্লেখ করে তিনি বলেন, *"আমাদের যদি নিরাপত্তা দিতে হয়, আমরা সেটা জেটিতে দেব, সেখান থেকে জাহাজে দেব। কিন্তু রাস্তায় তো আমরা দেব না।"*

খুরুশকুলের নতুন জেটি চালুর পক্ষে জোরালো মত দিয়েছে সেন্ট মার্টিন রুটে চলাচলকারী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, *"অবশ্যই ভালো হবে। সময় বাঁচবে, জোয়ার-ভাটার সমস্যা থাকবে না। এত লোকের কোনো হ্যাসেল থাকবে না।"* এই বিষয়ে প্রশাসনের কাছে জাহাজ মালিকদের পক্ষ থেকে ইতিমধ্যে আবেদনও করা হয়েছে।

চলতি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন রুটে পরিবেশগত ছাড়পত্র, জাহাজের নিরাপত্তা, যাত্রী ধারণক্ষমতা এবং অনলাইন ট্রাভেল পাসের মতো শর্তের পাশাপাশি ঘাট পরিবর্তনের বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
টেকনাফের রঙ্গীখালীতে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি: সেনাসদস্য নিহত, ৫৭ জিম্মি উদ্ধার

টেকনাফের রঙ্গীখালীতে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি: সেনাসদস্য নিহত, ৫৭ জিম্মি উদ্ধার

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

আরএসও‘র ষড়যন্ত্রে প্রত্যাবাসনে থামিয়ে দিতে চায় কিছু রোহিঙ্গা

আরএসও‘র ষড়যন্ত্রে প্রত্যাবাসনে থামিয়ে দিতে চায় কিছু রোহিঙ্গা

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশ ধ্বংসের মহোৎসব: কাঠ-বালি লুটে বেপরোয়া ‘মোহাম্মদ আলী লিটন’ চক্র

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশ ধ্বংসের মহোৎসব: কাঠ-বালি লুটে বেপরোয়া ‘মোহাম্মদ আলী লিটন’ চক্র

ইনানী ভাড়া বাসা থেকে সী-পার্ল হোটেলকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

ইনানী ভাড়া বাসা থেকে সী-পার্ল হোটেলকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

খরুলিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

খরুলিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

সর্বশেষ সংবাদ