
দ্রুত সব রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে মানববন্ধন


দ্রুত সব রোহিঙ্গাকে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন, ইউনিয়নভিত্তিক পুরোনো রোহিঙ্গাদের তালিকা তৈরি এবং রোহিঙ্গাদের বেআইনি সহায়তাকারী সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কঠোর শাস্তির আওতায় আনার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বরে রোহিঙ্গা আগমনের ৯ বছর পূর্ণ হওয়া উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে ‘কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি’ এবং ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’।
সমাবেশে বক্তারা বলেন, “রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিয়ে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা আজ নিজেরাই অমানবিক পরিস্থিতির মুখোমুখি। রোহিঙ্গারা সুযোগ পেলেই ক্যাম্প থেকে বের হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, বাড়ছে মাদক কারবার ও অপহরণ বাণিজ্যের মতো জঘন্য অপরাধ।” এসব ঘটনার কারণে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং শত বছরের পর্যটন শিল্প মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন তারা।
সমাবেশে আরও অভিযোগ করা হয়, পুরোনো রোহিঙ্গাসহ প্রায় পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে। অবিলম্বে এসব রোহিঙ্গা ভোটারের সব ধরনের জাতীয় পরিচয়পত্র (NID) ও জন্মসনদ বাতিল করার জোর দাবি জানানো হয়। সেই সঙ্গে চলতি বছরের মধ্যেই রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে ফেরত পাঠানো কিংবা তৃতীয় কোনো দেশে স্থানান্তরের তাগিদ দেন বক্তারা।
কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি ও সদর পিএফজির সমন্বয়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন;অধ্যাপক অজিত দাশ,সভাপতি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা কমিটি,মৌং সিরাজুল ইসলাম সিদ্দিকী সাবেক সভাপতি, জেলা ইমাম সমিতি,শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক, কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি,মিজানুর রহমান বাহাদুরমানবাধিকারকর্মী ও এনজিও কর্মকর্তা।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মনজুর আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক এম জাবের, সাবেক বন কর্মকর্তা আবু শামা, সাংবাদিক বলরাম দাশ অনুপম, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন এবং ছাত্রনেতা মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।
কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
