
চলছে সংরক্ষিত বনাঞ্চল উজাড় ও পাহাড় কাটার মহোৎসব
ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা বেলালের যোগসাজশে দখল হচ্ছে বনভূমি

** নিলামের আড়ালে বনায়নের গাছ ধ্বংস ও অতিরিক্ত অর্থ আদায়
** বালু উত্তোলন ও পাহাড় কাটায় রহস্যজনক নীরবতা
** অবৈধ স্থাপনা ও ডাম্পারযোগে কাঠ পাচার

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন ধোয়াপালং রেঞ্জের কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) বেলালের বিরুদ্ধে সংরক্ষিত বনাঞ্চল উজাড়, পাহাড় কাটা, জব্দকৃত গাছ নিয়মবহির্ভূতভাবে বিক্রি এবং নিলামের নামে চাঁদাবাজির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রেঞ্জের দায়িত্ব নেওয়ার পর থেকেই তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বনের মূল্যবান গাছ কেটে পাচার করা হচ্ছে বলে স্থানীয় কাঠ ব্যবসায়ী, বনকর্মী ও এলাকাবাসী জোরালো দাবি করেছেন।
অনুসন্ধানে জানা যায়, ধোয়াপালং রেঞ্জের অধীন ধোঁয়াপালং, মরিচ্যা ও খুনিয়াপালং বিট এলাকায় রাতের আঁধারে কাঠ পাচারসহ বিভিন্ন ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿
ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা
অপরাধমূলক কার্যক্রম নিয়মিত চলছে। সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, রেঞ্জ কর্মকর্তা বেলালের যোগসাজশে সামাজিক বনায়নের নিলামকৃত গাছের আড়ালে অন্যান্য সংরক্ষিত বনের গাছও কেটে নিয়ে যাওয়া হচ্ছে।
খুনিয়াপালংয়ের গাইনপাড়া ৪০ হেক্টর সামাজিক বনায়নের নিলামকৃত ৯২ লটের বিপরীতে ব্যবসায়ীদের কাছ থেকে সরকারি মূল্যের বাইরে অতিরিক্ত প্রতি লটে ১০ হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন লট ব্যবসায়ীরা। নির্ধারিত সময়ে লটের টাকা জমা না দেওয়ায় প্রকৃত উপকারভোগীরাও তাদের কাঙ্ক্ষিত লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে স্থানীয় সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুনিয়াপালংয়ের জহিরাকাটা এলাকা থেকে দিনদুপুরে ও রাতে অবাধে বালু উত্তোলন করা হলেও রেঞ্জ কর্মকর্তা রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছেন। বনভূমির ভেতর মূল্যবান গাছ পাচার সহজ করতে এবং নতুন করে জমি দখলের জন্য কাঠ পাচারকারীরা সংরক্ষিত বনের ভেতর পাহাড় কাটছে। কাঠ চোরাকারবারী সিন্ডিকেটের সাথে নিয়মিত গোপন বৈঠক করে রেঞ্জ কর্মকর্তা পকেট ভারী করছেন বলে অভিযোগ রয়েছে।
বনের ভেতর দিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে পাকা ও কাঁচা দালান নির্মাণে সহযোগিতা করার অভিযোগ রয়েছে রেঞ্জ কর্মকর্তা বেলালের বিরুদ্ধে। ধোঁয়াপালং এলাকায় এ ধরনের প্রতিটি অবৈধ স্থাপনা থেকে তিনি লাখ লাখ টাকা অনৈতিক সুবিধা নিয়েছেন। এছাড়া দিন-রাত ২৪ ঘণ্টাই ডাম্পার ও বিভিন্ন যানবাহনে করে বনের মূল্যবান কাঠ ও লাকড়ি ইটভাটাগুলোতে পাচার করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বনজায়গীরদার (ভিলেজার) ক্ষোভ প্রকাশ করে জানান, বিভিন্ন পয়েন্টে দিন-রাত সমান তালে চলছে গাছ নিধন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এসব এলাকা আকস্মিক পরিদর্শন করেন, তবে বনের বিভিন্ন স্থানে শত শত সদ্য কাটা গাছের মুথা ও ধ্বংসলীলার বাস্তব প্রমাণ মিলবে। টহলে গিয়ে গাছ কাটার দৃশ্য চোখে পড়লেও রেঞ্জ কর্মকর্তা নিরব থাকেন; কারণ প্রতিটি নিধন করা গাছের বিপরীতে তিনি নির্দিষ্ট অংকের কমিশন পান। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে ও দীর্ঘ প্রক্রিয়ায় গড়ে ওঠা এই বনাঞ্চল রক্ষকের ভূমিকায় থাকার কথা থাকলেও তিনি এখন ধ্বংসের প্রধান নায়কে পরিণত হয়েছেন।
এদিকে সমস্ত অভিযোগের বিষয়ে ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) বেলাল জানান, বালু উত্তোলন ও পাহাড় কাটার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে তিনি মামলাও দায়ের করেছেন বলে দাবি করেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
