
চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের স্বর্গরাজ্য!
সাব-রেজিস্ট্রার সালাহউদ্দিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির পাহাড়!

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়কে ঘিরে অনিয়ম, ঘুষ বাণিজ্য ও হয়রানির একের পর এক অভিযোগ সামনে আসছে। জমি কেনাবেচা, দলিল নিবন্ধন, নকল উত্তোলন, বণ্টননামা, হেবা ও পাওয়ার অব অ্যাটর্নিসহ গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিতে গিয়ে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক সেবাগ্রহীতা ও দলিল লেখক।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার সালাহউদ্দিন। ভুক্তভোগীদের দাবি, তাঁর কার্যালয়ে দলিলের সামান্য বানান ভুল, খতিয়ানের তথ্যের অসংগতি, জমি নিয়ে মামলা কিংবা অন্যান্য প্রশাসনিক জটিলতাকে পুঁজি করে অর্থ আদায়ের নানা কৌশল নেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও দলিল নিবন্ধন আটকে রেখে পরে বিষয়টি নিষ্পত্তির নামে টাকা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, এসব লেনদেনের বিষয়টি গোপন রাখতে সেবাগ্রহীতাদের ওপর চাপ সৃষ্টি করা হয়। ফলে হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হলেও অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

সাব-রেজিস্ট্রার কার্যালয় ঘিরে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো কমিশনের মাধ্যমে দলিল নিবন্ধন। কয়েকজন দলিল লেখক ও সেবাগ্রহীতার অভিযোগ, চট্টগ্রামে কমিশন দলিল নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি ও নিয়মের বাইরে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দাবি করা হয়।
তাঁদের দাবি, কমিশনে দলিল সম্পাদনের প্রয়োজনীয়তা ও প্রক্রিয়াকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ আদায়ের একটি অলিখিত ব্যবস্থা গড়ে উঠেছে। তবে এ অর্থের কোনো সরকারি ভিত্তি রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
মামলার অজুহাতে দলিল আটকে রাখার অভিযোগ:-
একাধিক ভুক্তভোগীর অভিযোগ, কোনো খতিয়ানের জমির ওপর কার্যকর নিষেধাজ্ঞা না থাকলেও সংশ্লিষ্ট জমি নিয়ে মামলা রয়েছেÍএমন অজুহাতে দলিল নিবন্ধন আটকে রাখা হয়। পরে জটিলতা নিরসনের নামে দলিলপ্রতি ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয় বলে অভিযোগ তাঁদের।
এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, খতিয়ানের তথ্যের অসংগতির বিষয়টি দেখিয়ে অফিসের একজন কর্মচারীর মাধ্যমে ৩০ হাজার টাকা দিতে হয়েছে। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট কর্মচারী তাঁকে জানিয়েছিলেন, 'স্যার কম টাকা নেন না, ব্যাগ ভরে টাকা দিতে হয়। তবে অভিযোগটি সাব-রেজিস্ট্রি অফিসের অভ্যন্তরীণ কার্যক্রম ও সম্ভাব্য মধ্যস্থতাকারীদের ভূমিকা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
অফিসে দেরিতে উপস্থিতি, সেবাগ্রহীতাদের দীর্ঘ অপেক্ষা:-
সরকারি অফিসের নির্ধারিত সময় সকাল ১০টা হলেও সাব-রেজিস্ট্রার সালাহউদ্দিন নিয়মিত সময়মতো কার্যালয়ে উপস্থিত হন না বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতা ও দলিল লেখকদের একাংশ।
তাঁদের দাবি, তিনি প্রায়ই দুপুর ১২টার দিকে অফিসে আসেন এবং এজলাসে বসেন দুপুর ২টার পর। এতে সকাল থেকে অপেক্ষা করেও অনেক সেবাগ্রহীতাকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়।
আরও অভিযোগ রয়েছে, দুপুর আড়াইটার পর দলিল নিবন্ধনের ক্ষেত্রে অফিস সহকারী অর্চনা বড়ুয়া দলিলপ্রতি ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করেন। তবে এ অর্থ কোন সরকারি বিধি বা নির্দেশনার আওতায় নেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
পাওয়ার অব অ্যাটর্নি ও হেবা দলিলেও অতিরিক্ত অর্থের অভিযোগ
পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে জমি বিক্রির ক্ষেত্রে দলিলের মূল্যের ৫ শতাংশ পর্যন্ত নগদ অর্থ কার্যালয়ে দিতে হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন সেবাগ্রহীতা।
অন্যদিকে, হেবা দলিল নিবন্ধনে দলিলপ্রতি অতিরিক্ত ২ হাজার টাকা এবং জমির প্রতি শতকে ২০০ টাকা করে আদায়ের অভিযোগও উঠেছে।
এ ছাড়া নকল উত্তোলন, বণ্টননামা ও অন্যান্য দলিল নিবন্ধনের ক্ষেত্রেও বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের সত্যতা যাচাই এবং কোন খাতে কত টাকা সরকারি ফি নির্ধারিত রয়েছে, তা প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ
সেবাগ্রহীতাদের একাংশের অভিযোগ, সাব-রেজিস্ট্রার সালাহউদ্দিনকে কেন্দ্র করে কার্যালয়ের ভেতরে একটি মধ্যস্থতাকারী চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের সদস্যদের মাধ্যমে বিভিন্ন সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ লেনদেন হয় বলে তাঁদের দাবি।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে, সরাসরি কর্মকর্তার কাছে না গিয়ে অফিসের কর্মচারী কিংবা মধ্যস্থতাকারীদের মাধ্যমে টাকা দিতে হয়।
জবাব এড়িয়ে গেলেন সাব-রেজিস্ট্রার?
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাব-রেজিস্ট্রার সালাহউদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
পরবর্তী সময়ে আরও কয়েক দফা যোগাযোগ করা হলে গত এক বছরে কতটি দলিল নিবন্ধন হয়েছে, সরকার কত টাকা রাজস্ব পেয়েছে, প্রতিদিন গড়ে কতটি দলিল সম্পাদিত হয় এবং কতটি দলিল আটকে থাকেÍএমন প্রশ্নের জবাবে তিনি জেলা অফিসে গিয়ে বক্তব্য নেওয়ার অনুরোধ জানান।
তবে তাঁর বিরুদ্ধে উত্থাপিত ঘুষ গ্রহণ, অতিরিক্ত অর্থ আদায় ও কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে সিন্ডিকেট পরিচালনার অভিযোগের বিষয়ে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কক্সবাজার জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রেজাউল করিম বকসীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তদন্তের দাবি সচেতন মহলের
সাব-রেজিস্ট্রার কার্যালয় জমির মালিকানা হস্তান্তর এবং নাগরিকের সম্পত্তির অধিকার সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। সেখানে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে যদি সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দিতে হয়, দলিল আটকে রেখে হয়রানি করা হয় কিংবা বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করা হয়, তবে তা জনসেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।
সচেতন মহল ও ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে গত এক বছরে নিবন্ধিত দলিলের সংখ্যা, সরকারি রাজস্ব আদায়ের পরিমাণ, দৈনিক দলিল সম্পাদনের হিসাব, আটকে থাকা দলিলের কারণ এবং কমিশন দলিল নিবন্ধনের আর্থিক লেনদেন খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা।
তাঁদের দাবি, সাব-রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি যাচাই করতে হবে। সরকারি ফি-সংক্রান্ত তালিকা দৃশ্যমান স্থানে প্রকাশ, অফিসের আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়ের এসব অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনে এখন নিরপেক্ষ তদন্তই সময়ের দাবি।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
