
বাহারছড়ায় অসুস্থ হাতির সন্ধান মিলেছে, দুর্গম পাহাড়ে অবস্থান করায় দেওয়া যায়নি চিকিৎসা

টেকনাফের বাহারছড়ায় কয়েক দিন ধরে লোকালয়ে ঘুরে বেড়ানো গুরুতর অসুস্থ হাতিটির সন্ধান পেয়েছে বন বিভাগ ও বিশেষজ্ঞ চিকিৎসক টিম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে জাহাজপুরার গহিন পাহাড়ে হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। তবে দুর্গম পাহাড়ের চূড়ায় অবস্থান এবং সন্ধ্যা ঘনিয়ে আসায় শেষ পর্যন্ত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। বুধবার (১৮ নভেম্বর) হাতিটির চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
মঙ্গলবার সকাল ৮টা থেকে অসুস্থ হাতিটির সন্ধানে যৌথভাবে অভিযান শুরু করে বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্ক থেকে আসা তিন সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক টিম।

অভিযানে সহকারী বন সংরক্ষক (এসিএফ), শিলখালী রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ বন বিভাগের অন্যান্য সদস্য এবং স্থানীয়রা অংশ নেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর বিকেল ৩টার দিকে জাহাজপুরার গহিন পাহাড়ে হাতিটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হন তারা।
শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, হাতিটিকে খুঁজে পাওয়ার পর চিকিৎসার প্রস্তুতি নিতে নিতে সন্ধ্যা ঘনিয়ে আসে। এ ছাড়া হাতিটি পাহাড়ের চূড়ায় অবস্থান করায় সেখানে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। হাতিটিকে চিকিৎসার আওতায় আনতে ট্রাঙ্কুলাইজেশন (অজ্ঞান করার প্রক্রিয়া) প্রয়োজন। এ জন্য নিরাপদ ও তুলনামূলক সমতল স্থানে হাতিটির অবস্থান নিশ্চিত করা জরুরি।
তিনি আরও জানান, সবকিছু বিবেচনায় নিয়ে আগামীকাল বুধবার হাতিটির চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
গত কয়েক দিন ধরে বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় একটি সুস্থ ও অন্যটি অসুস্থ মোট দুটি হাতিকে লোকালয়ে দেখা যাচ্ছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অসুস্থ হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে এবং আঘাতের কারণে হাতিটি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না। স্থানীয়দের ধারণা, হাতিটির পায়ে গুলির আঘাত রয়েছে। তবে এর সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
এদিকে অসুস্থ হাতিটির পাশ ছাড়ছে না সঙ্গী হাতিটি। চলাফেরার সময় বারবার পাশে থেকে সহযোগিতার চেষ্টা করছে সে। বন্যপ্রাণীর এমন সঙ্গীসুলভ আচরণ স্থানীয়দের আবেগাপ্লুত করেছে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসা নিশ্চিত করে অসুস্থ হাতিটিকে সুস্থ করে তোলা হবে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
