
পেভেলস্টোন গিলে খাচ্ছে ইনানী সৈকত!

# উচ্ছেদ অভিযান একদিকে, ইনানী সৈকতে পেভেলস্টোনের দখলদারিত্ব অন্যদিকে!
# ইসিএ আইন লঙ্ঘনের অভিযোগ, উচ্ছেদ অভিযানের মধ্যেও বহুতল ভবন নির্মাণ

একদিকে সমুদ্রসৈকতের বালিয়াড়ি রক্ষায় প্রশাসনের উচ্ছেদ অভিযান, অন্যদিকে সেই বালিয়াড়ি ঘেঁষেই গড়ে উঠছে বহুতল ভবন। উচ্চ আদালতে মামলা চলমান এবং আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ রয়েছে বলে মালিকপক্ষের দাবি। এরপরও কীভাবে চলছে নির্মাণকাজ? এমন প্রশ্নের মধ্যেই কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে নতুন করে আলোচনায় এসেছে পেভেলস্টোন রিসোর্ট।
অভিযোগ উঠেছে, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত ইনানী সৈকতের বালিয়াড়ি দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ করছে রিসোর্ট কর্তৃপক্ষ। প্রশাসনের উচ্ছেদ অভিযান ও পরিবেশ সংরক্ষণে আদালতের নির্দেশনার মধ্যেও এমন নির্মাণকাজ চলতে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
১৯৯৯ সালে সরকার কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত উপকূলীয় এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, এ এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য, বালিয়াড়ি, জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। বিশেষ করে সৈকতের প্রাকৃতিক বালিয়াড়ি ধ্বংস, ভূমির স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তন এবং পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা নির্মাণের বিরুদ্ধে রয়েছে কঠোর আইনি বিধিনিষেধ।
সরেজমিনে দেখা গেছে, ইনানী সৈকতসংলগ্ন পেভেলস্টোন রিসোর্টের পাশে বড় আকারের একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ভবনটির একাধিক তলার কাঠামো দৃশ্যমান হয়েছে। ছাদ ঢালাইয়ের কাজও সম্পন্ন হয়েছে। সৈকতের বালুময় অংশের একেবারে কাছাকাছি ভবনটির অবস্থান হওয়ায় বালিয়াড়ি ও উপকূলীয় পরিবেশের ওপর এর প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু উচ্ছেদ কার্যক্রমের পরও একই এলাকায় নতুন করে নির্মাণকাজ শুরু হওয়া প্রশাসনিক নজরদারি ও আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
বহুতল ভবন নির্মাণের বিষয়ে পেভেলস্টোন রিসোর্টের মালিক জেমস বাবু হাজরা দৈনিক খোলা কাগজকে বলেন, 'এটি আমার মালিকানাধীন জায়গা। সব বৈধ অনুমতি নিয়েই বহুতল ভবন নির্মাণ করছি। এ জায়গা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আদালত থেকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশও রয়েছে।'
তবে মালিকপক্ষের এমন বক্তব্যের পরও প্রশ্ন উঠেছে, আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকলে সেই নির্দেশের আওতাভুক্ত জমিতে কীভাবে বহুতল ভবনের নির্মাণকাজ এগিয়ে যাচ্ছে? আদালতের আদেশের প্রকৃত বিষয়বস্তু, জমির সীমানা এবং নির্মাণকাজের বৈধতা যাচাই করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে পরিবেশ আইনজীবী জসিম আজাদ বলেন, 'কক্সবাজার সমুদ্রসৈকতে দখলদারিত্ব যেন থামছেই না। ইসিএ এলাকায় এ ধরনের নির্মাণ সম্পূর্ণ বেআইনি। দ্রুত উচ্ছেদ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে।'
তিনি আরও বলেন, 'মালিকপক্ষ যদি দাবি করে থাকে যে, এ জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান এবং আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন, তাহলে প্রশ্ন হচ্ছে- সেই নির্দেশ থাকা অবস্থায় কীভাবে বহুতল ভবনের নির্মাণকাজ চলছে? আদালতের নির্দেশের আওতাভুক্ত জমিতে নির্মাণকাজ চলার সুযোগ কোথায়? বিষয়টি অবিলম্বে যাচাই করা প্রয়োজন। আদালতের আদেশ অমান্য হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননাসহ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে ইসিএ এলাকার বালিয়াড়ি ও সৈকতের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে অবৈধ স্থাপনা অপসারণে দ্রুত পদক্ষেপ নিতে হবে।'
এর আগে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন সরকারি খাসজমি উদ্ধারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা ওই অভিযানে প্রায় তিন একর জমি থেকে অস্থায়ী স্থাপনা এবং আরও এক একর জমি থেকে সেমিপাকা রিসোর্ট উচ্ছেদ করা হয়।
অন্যদিকে স্থানীয় সাংবাদিক আশিকুর রহমান বলেন, 'বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে যারা অবৈধভাবে স্থাপনা গড়ে তুলছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। নইলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হবে।'
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের কাছে জানতে চাইলে তিনি দৈনিক খোলা কাগজকে বলেন, 'স্থাপনাটির বিষয়ে এখন অবগত হলাম। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
পরিবেশসংশ্লিষ্টদের মতে, সমুদ্রসৈকতের বালিয়াড়ি কেবল বালুর স্তূপ নয়; এটি উপকূলকে ঢেউ, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব এলাকায় অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও ভূমির স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তনের ফলে দীর্ঘমেয়াদে সৈকতের পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ অবস্থায় পেভেলস্টোন রিসোর্টের নির্মাণাধীন ভবনটির জমির মালিকানা, ইসিএ এলাকার মধ্যে অবস্থান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদনসহ সব ধরনের সরকারি অনুমোদন যাচাইয়ের দাবি উঠেছে। পাশাপাশি মালিকপক্ষের দাবিকৃত উচ্চ আদালতের স্থিতাবস্থার আদেশের সত্যতা, আদেশের সুনির্দিষ্ট পরিধি এবং নির্মাণকাজের সঙ্গে তার সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
স্থানীয়দের দাবি, শুধু অভিযান পরিচালনার ঘোষণা নয়, আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে নির্মাণকাজ অবিলম্বে বন্ধ, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং আদালত ও পরিবেশ আইনের আওতায় অবৈধ প্রমাণিত স্থাপনা অপসারণ নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রশাসনের একের পর এক উচ্ছেদ অভিযান চললেও ইনানী সৈকতের বালিয়াড়ি ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
