
ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

শেফাইল উদ্দিন, কক্সবাজার:
কক্সবাজার শহরের পূর্ব বাজারঘাটা তথা বার্মিজ মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের দ্রুত সাড়া পাওয়া যায়নি। এমনকি দীর্ঘ সময় অপেক্ষার পরও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়নি বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে তারা নিজেরাই ফায়ার এক্সটিংগুইশার ও পানি নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে পূর্ব বাজারঘাটা এলাকার বৌদ্ধ মন্দির সড়কের প্রবেশমুখে, আবু সেন্টারের ডান পাশের একটি মার্কেটের সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম ও জাবেদ, আলীসহ অনেকেই জানান,, ট্রান্সফরমারের আশপাশে থাকা অসংখ্য বৈদ্যুতিক ও ইন্টারনেটের তারের জটলা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের দোকান ও মার্কেটগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
এর মধ্যে ট্রান্সফরমারের আশপাশে ঝুলে থাকা প্লাস্টিকের ব্যানার-ফেস্টুন পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। এসব দাহ্য উপকরণ আগুনের তীব্রতা বাড়িয়ে আশপাশের দোকান ও স্থাপনায় আগুন ছড়িয়ে দিতে পারত বলে আশঙ্কা করেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা না করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। ফায়ার এক্সটিংগুইশার ও পানি ব্যবহার করে সম্মিলিত প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাদের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা।
ব্যবসায়ীরা বলেন, আগুন যদি আরও কিছুক্ষণ নিয়ন্ত্রণের বাইরে থাকত, তাহলে পাশের মার্কেটগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এতে কোটি কোটি টাকার সম্পদ ও মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারত।
এ ঘটনার পর ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ব বাজারঘাটা ও বার্মিজ মার্কেট এলাকায় বৈদ্যুতিক তারের অপরিকল্পিত জটলা, ঝুঁকিপূর্ণ সংযোগ এবং বিভিন্ন স্থানে ঝুলন্ত ব্যানার-ফেস্টুন দীর্ঘদিন ধরেই অগ্নিঝুঁকি তৈরি করছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ও তারের জটলা অপসারণ করা, অগ্নিঝুঁকিপূর্ণ ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়া এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
একই সঙ্গে জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের দ্রুত সাড়া নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের ভাষায়—আজ তারা নিজেদের দায়িত্ব পালন করে বড় বিপদ ঠেকিয়েছেন। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব, আগামী দিনের এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
