advertisement

◾শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ, দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা

মাতারবাড়িতে নতুন ফায়ার সার্ভিস স্টেশনের অনুমোদন

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

জুলাই ২৭, ২০২৬, ০৯:০২

মাতারবাড়িতে নতুন ফায়ার সার্ভিস স্টেশনের অনুমোদন
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:


মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে একটি নতুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর আবেদনের পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই অনুমোদন আসে। অনুমোদনের পর দ্রুত জমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


জানা যায়, গত ১ মার্চ ২০২৬ তারিখে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিদ্যমান সমস্যা, সমস্যা সমাধানের কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এক সভায় সারাদেশে ফায়ার স্টেশনবিহীন ২৭টি উপজেলা এবং গুরুত্বপূর্ণ আরও দুটি স্থানে মোট ২৯টি নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই তালিকায় কক্সবাজার জেলার মাতারবাড়িও অন্তর্ভুক্ত রয়েছে।


এরই ধারাবাহিকতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় “ফায়ার স্টেশন বিহীন উপজেলা/গুরুত্বপূর্ণ স্থানে ২৯টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন” শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে সম্ভাব্য মৌজার নাম, জমির মূল্য এবং প্রয়োজনীয় মতামত ও সুপারিশ চাওয়া হয়েছে।


অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, স্টেশন নির্মাণের জন্য প্রধান সড়ক সংলগ্ন, উঁচু, সমতল ও নিষ্কণ্টক জমি নির্বাচন করতে হবে। ধর্মীয় উপাসনালয়, কবরস্থান, শ্মশান কিংবা উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের নিচের জমি এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি স্টেশনের সম্মুখভাগের জন্য নির্ধারিত প্রশস্ততা নিশ্চিত করতে হবে।


মাতারবাড়ি বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি অঞ্চলে পরিণত হয়েছে। এখানে গভীর সমুদ্রবন্দর, ১,২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, এলএনজি অবকাঠামোসহ একাধিক জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার শ্রমিক, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মানুষ এসব স্থাপনায় যাতায়াত করছেন। ফলে অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধারসেবার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।


স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন অগ্নিকাণ্ড বা বড় ধরনের দুর্ঘটনার সময় দূরের ফায়ার সার্ভিস স্টেশনের ওপর নির্ভর করতে হতো। এতে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় অনেক ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যেত। নতুন স্টেশন চালু হলে অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, ভবন ধস, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হবে।


নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন শুধু স্থানীয় জনগণের নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং মাতারবাড়ির জাতীয় গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থাকেও আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, মাতারবাড়িবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই অনুমোদন এসেছে। তিনি এটিকে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং দ্রুত জমি অধিগ্রহণ ও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় আধুনিক অগ্নিনির্বাপণ ও উদ্ধারসেবা পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


এদিকে স্থানীয়দের প্রত্যাশা, অনুমোদনের পর যেন প্রকল্পটি দীর্ঘসূত্রতায় না পড়ে। দ্রুত জমি অধিগ্রহণ, বাজেট বরাদ্দ ও নির্মাণকাজ সম্পন্ন করে ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করা হলে মাতারবাড়ির শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
রামুতে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি কাজল

রামুতে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি কাজল

উখিয়ায় ছাত্রলীগের সমাবেশ ডেকে সরকারকে হুমকি দেওয়ায়  মামলা দ্বায়ের

উখিয়ায় ছাত্রলীগের সমাবেশ ডেকে সরকারকে হুমকি দেওয়ায় মামলা দ্বায়ের

পুলিশ পরিচয়ে ৪০ মিনিটের মধ্যেই সব লুট করে উধাও

পুলিশ পরিচয়ে ৪০ মিনিটের মধ্যেই সব লুট করে উধাও

রামুতে বনখেকোদের হামলায় রক্তাক্ত বন বিভাগের ৫ কর্মকর্তা-কর্মচারী

রামুতে বনখেকোদের হামলায় রক্তাক্ত বন বিভাগের ৫ কর্মকর্তা-কর্মচারী

কক্সবাজার পেকুয়ায় ভয়াবহ বন্যায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি!

কক্সবাজার পেকুয়ায় ভয়াবহ বন্যায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি!

উখিয়া-টেকনাফের মানুষ নতুন তিনটি পুলিশ তদন্ত কেন্দ্র পাচ্ছে

উখিয়া-টেকনাফের মানুষ নতুন তিনটি পুলিশ তদন্ত কেন্দ্র পাচ্ছে

সর্বশেষ সংবাদ