
সাগরে ভাসমান শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিংবোট সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে শ্রীলঙ্কার একটি বিকল ড্যানিশ বোট এবং তাতে থাকা বাবা ও ছেলেসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরের গুলিরধার নামক এলাকায় শ্রীলঙ্কার ড্যানিশ বোটটির ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘ ৩৬ দিন ধরে ভাসমান অবস্থায় ছিল। এ সময় জিয়াউর রহমানের ফিশিংবোটের নাবিকরা মানবিক কারণে এগিয়ে এসে দুই জেলেসহ বোটটি উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসেন।
বর্তমানে উদ্ধার হওয়া দুই শ্রীলঙ্কান জেলে জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয়ে রয়েছেন। এছাড়া উদ্ধার করা ড্যানিশ বোটটি জিয়াউর রহমানের ফিশিংবোটের সঙ্গে বেঁধে তাজিয়াকাটা ঘাটে রাখা হয়েছে এবং সেটি তাঁর তত্ত্বাবধানে রয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধার হওয়ার আগেই ড্যানিশ বোটে থাকা বিভিন্ন মালামাল লুট হয়েছে। লুট করে তাদের সাগরে ভাসিয়ে দিয়েছেন বলে দাবী তাদের। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে বা কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
